গ্রিজমান, উমতিতির খেলায় মুগ্ধ ফ্রান্স কোচ
ইউরোর শেষ আটে আইসল্যান্ডকে বড় ব্যবধানে হারানো ম্যাচে ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ও তরুণ ডিফেন্ডার সামুয়েল উমতিতির খেলায় মুগ্ধ হয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
সাঁ-দেনিতে গত রোববার ইউরো চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম খেলতে আসা আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠে স্বাগতিক ফ্রান্স। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জার্মানি।
আইসল্যান্ডের বিপক্ষে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের করা দুটি গোলে অবদান রাখেন আতলেতিকো মাদ্রিদের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড গ্রিজমান।
৪ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমানকে নিয়ে ম্যাচ শেষে দেশম বলেন, “অঁতোয়ানের টুর্নামেন্টের শুরুটা কঠিন ছিল। সে কিছুটা ক্লান্ত ছিল তাই আমি চেয়েছি টুর্নামেন্টের প্রথম ৯ দিনে সে মানিয়ে নিক।”
“সে এখন ফিট আছে এবং আজ রাতে বা আগের ম্যাচেও কোনো ক্লান্তি ছিল না।”
এই ম্যাচ দিয়েই ফ্রান্স দলে অভিষেক হওয়া ডিফেন্ডার উমতিতির পারফরম্যান্সে বেশ খুশি দেশম।
“তাকে নিয়ে আমি যা ভেবেছিলাম সে সত্যি তার সবকিছু প্রমাণ করেছে এবং অনুশীলনে সে যা কিছু দেখিয়ে আসছে তার সবকিছুই করেছে।”
“পরিষ্কারভাবে সে একজন ভালো ডিফেন্ডার। সে তুলনামূলক ঠাণ্ডা মাথার এবং আমরা যাতে ভালো রক্ষণ করি তা নিশ্চিত করতে সে তার ভূমিকা রেখেছে।”
