২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে আইসল্যান্ড কোচের হুমকি

ইংল্যান্ডের বিপক্ষে শেষে ষোলোর ম্যাচটি টাইব্রেকারে গেলেও ভয় নেই আইসল্যান্ডের। পেনাল্টি থেকে দেশটির খেলোয়াড়রা সব সময়ই গোল করে বলে শক্তিশালী প্রতিপক্ষকে হুমকি দিয়ে রেখেছেন কোচ হেইমির হালগ্রিমসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 07:53 PM

Updated : 12 Apr 2022, 02:20 AM

ফ্রান্সের নিসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী সোমবার রাত ১টায়।

তিন ম্যাচে একটি জয় ও দুটি ড্র থেকে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠে ইংল্যান্ড। এই তিন ম্যাচে তিন গোল পায় রয় হজসনের দল।

অন্যদিকে প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আইসল্যান্ডের রক্ষণ বেশ জমাট। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করা দলটি তিন ম্যাচে তিনটি গোল খেয়েছে।

লর্স লগেরবেকের সঙ্গে আইসল্যান্ডের কোচের দায়িত্বে থাকা হেইমিরকে সাংবাদিকরা জিজ্ঞেস করে, তার খেলোয়াড়রা পেনাল্টি নেওয়া অনুশীলন করবে কিনা।

এর উত্তরে হেইমির বলেন, “না, এখনও আমরা শুরু করিনি, এখন শুরু করব আমরা। এরই মধ্যে এ নিয়ে একটি প্রশ্ন পেয়েছি আমি।”

“আমাকে ইংল্যান্ডের একজন প্রশ্ন করেছে এবং সে জিজ্ঞেস করেছে, ‘অনুপাতটা কী?’। আর আমি যখন অতীত নিয়ে ভাবি, আমরা প্রত্যেকবারই গোল করেছি। আমরা সব সময়ই পেনাল্টি থেকে গোল করি। তাই সতর্ক থাকুন।”