সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে পানিতে ছুড়লেন রোনালদো!
একের পর এক সমালোচনায় তেতে থাকা রোনালদো এবার এক সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে ঝিলের পানিতে ছুড়ে ফেলেছেন!
ভিডিও ফুটেজে দেখা যায় সিএমটিভির সাংবাদিক দিয়েগো তরেস রোনালদোর দিকে এগিয়ে যাচ্ছেন। হাঙ্গেরির বিপক্ষে পরের ম্যাচের জন্য তিনি তৈরি কিনা জিজ্ঞেস করতে শোনা যায় তাকে।
পর্তুগালের সিএমটিভির প্রকাশ করা ভিডিওটিতে দেখা গেছে, রোনালদো প্রতিবেদকের মাইক্রোফোন কেড়ে নিয়ে তা পাশের ঝিলের মধ্যে ফেলে দেন।
আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে ইউরো অভিযান শুরু করে পর্তুগাল। সেই ম্যাচ শেষে আইসল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে না চেয়ে সমালোচিত হন দেশটির অধিনায়ক রোনালদো।
এর পর তিনি অস্ট্রিয়ার সঙ্গে ড্র ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে আরও চাপে পড়েন।
লিওঁতে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি ড্র করতে পারলেই শেষ ষোলোতে উঠবে তারা।
