২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাও হারে: ক্লিন্সমান

আর্জেন্টিনা ফুটবল পরাশক্তি হতে পারে, কিন্তু তারাও ম্যাচ হারে - কোপা আমেরিকার সেমি-ফাইনালের আগে এ কথা বলে শিষ্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 05:11 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

হিউস্টনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায় স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এবারের আসরে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ১৪টি গোল করেছে আর্জেন্টিনা। এর বিপরীতে কেবল দুটি গোল খেয়েছে তারা। দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আছেন দারুণ ফর্মে। 

একুয়েডরকে ২-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনালে ওঠা যুক্তরাষ্ট্রের কোচ ক্লিন্সমান অবশ্য মনে করেন, অঘটন উপহার দেওয়ার সামর্থ্য তার দলের রয়েছে। 

“এমন নয় যে, তারা প্রত্যেক ম্যাচই জিতবে-তারা ম্যাচ হারেও।”

“আকর্ষণীয় একটি ম্যাচ হবে এটা। আমার খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার জন্য এটা দারুণ এক সুযোগ।”

নিজের খেলোয়াড়ি জীবনে জার্মানির হয়ে সেই সময়ের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক দিয়েগো মারাদোনার বিপক্ষে খেলেছেন ক্লিন্সমান। এখন তার দলকে খেলতে হচ্ছে এই সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসির বিপক্ষে। তবে মেসিকে রোখার পথ আছে বলে মনে করেন ক্লিন্সমান।

“এখন মেসির সময়। আমার যখন মারাদোনার বিপক্ষে অনেক ম্যাচ খেলার সুয়োগ হয়েছিল, তখন ছিল মারাদোনার সময়। আমরা সবাই এই ধরনের খেলোয়াড়দের প্রশংসা করি। তবে তাদের রোখার পথও আছে। অসাধারণ এই খেলোয়াড়দের বিপক্ষে খেলার পথ আছে।”

পুরনো খবর:

আর্জেন্টিনার বাধা ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর যুক্তরাষ্ট্র
মেসি আর আর্জেন্টিনাকে ভয় পায় না যুক্তরাষ্ট্র
সেমিতে কঠিন লড়াইয়ের সম্ভাবনা দেখছেন মেসি