২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তপুর শেষ মুহূর্তের গোলে সেমিতে বিজেএমসি

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে টিম বিজেএমসি। মেহেদী হাসান তপুর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার-ফাইনাল পেরুলো সাইদুল ইসলামের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 06:10 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

আগামী বৃহস্পতিবার ফাইনালের ওঠার লড়াইয়ে বিজেএমসির প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। পরের দিন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড।

দুই হলুদ কার্ডের খাড়ায় দলের সেরা তারকা এলিটা কিংসলেকে ছাড়াই সোমবার মাঠে নামে বিজেএমসি। তবে পুরো ম্যাচে মোটামুটি নিয়ন্ত্রণ ধরে রেখেও গোল পাচ্ছিল না দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের খেলায় গতি ছিল না। তবে মুক্তিযোদ্ধার চেয়ে বিজেএমসি এগিয়ে ছিল আক্রমণের দিক থেকে। ষষ্ঠ মিনিটে মুক্তিযোদ্ধার মোবারক হোসেন ভূইয়ার দুর্বল শট সোজা গোলরক্ষকের গ্লাভসে জমে যায়।

২২তম মিনিটে প্রথম গোছালো আক্রমণে যায় বিজেএমসি। তবে বাঁ দিক থেকে বক্সের মধ্যে ঢূকে গিয়ে সোহেল মিয়ার গতিহীন শট দ্রুত বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার।

প্রথমার্ধের শেষ দিকে বিজেএমসির সৈকত আহমেদের ব্যক পাসে নাইজেরিয়ার ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুর ভলি ওপর দিয়ে উড়ে যায়। একটু পর সৈকতের শটও লক্ষ্যে থাকেনি।

৪২তম মিনিটে বিজেএমসির শঙ্কর দাসের দূরপাল্লার শট গোলরক্ষক মামুন খান ফিস্ট করে ফেরালো গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগটি হেলায় হারান সাইমন ইজিওডিকা। ডান দিক থেকে আহমেদ কোলো মুসার ক্রসে গোল মুখে পা ছোঁয়ানোর সহজ কাজটুকু করতে পারেননি নাইজেরিয়ার এই মিডফিল্ডার।

৮২তম মিনিটে সৈকতের ক্রসে স্যামসনের গতিময় শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক মামুন খান। যোগ করা সময়ে গোল পোস্ট আগলে রাখতে পারেননি মামুন। আব্দুল্লাহ পারভেজের কর্নারে তপুর হেড চোখের পলকে ঠিকানা খুঁজে পায়। এ গোলেই ফেডারেশন কাপ থেকে মুক্তিযোদ্ধার বিদায় নিশ্চিত করে দেয়।