২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিস্তুতার রেকর্ড ছুঁলেন মেসি

দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানিতে মাঠ নামলেও রেকর্ড গড়া হয়নি লিওনেল মেসির। তবে এতদিনের রেকর্ডধারী গাব্রিয়েল বাতিস্তুতাকে ঠিকই ছুঁয়েছেন; পূর্বসূরির সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এখন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 03:23 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রকে কোনো ‍সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা
ভেনেজুয়েলাকে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

বাতিস্তুতার চেয়ে এক গোল পেছনে থেকে ভেনেজুয়েলা ম্যাচ শুরু করেন মেসি। রেকর্ড গড়তে প্রয়োজন ছিল দুটির, কিন্তু একটির বেশি করতে পারলেন না। ফলে বার্সেলোনা তারকা ম্যাচটি শেষ করলেন পূর্বসূরির ৫৪ গোলের রেকর্ড ছুঁয়ে। অধিনায়কের রেকর্ড ছোঁয়ার ম্যাচটি ৪-১ গোলে জিতে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া এ ম্যাচের ৬০তম মিনিটে বল জালে জড়িয়ে বাতিস্তুতার পাশে বসেন মেসি। নিকোলাস গাইতানের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে আসরে নিজের চতুর্থ গোলটি করেন সময়ের সেরা এই ফুটবলের।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় প্রিয় শিষ্যের রেকর্ড প্রসঙ্গে কোচ মার্তিনো বলেন, “এরই মধ্যে সে রেকর্ডের পাশে বসেছে, কিন্তু আমি চলতি কোপা আমেরিকাতেই মেসির সেটা ছাপিয়ে যাওয়া দেখতে চাই।”

চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেঞ্চে বসেছিলেন মেসি। চোট কাটিয়ে পানামার বিপক্ষে ফিরে ১৯ মিনিটে হ্যাটট্রিক করেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ভেনেজুয়েলার বিপক্ষে হিগুয়াইনের প্রথম গোলেও অবদান রাখেন মেসি। চোট কাটিয়ে দলের সেরা তারকার স্বরূপে ফেরাটাও কোচের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে বহুগুণে।

হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম সেমি-ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ২৩ বছর পর বড় কোনো শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা।