২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ম্যাচ দিয়ে শুরু এবারের প্রিমিয়ার লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটাই এবার হচ্ছে চমক দিয়ে। বরাবরের মতো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নয়, এবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৫-১৬ মৌসুমের লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 09:50 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির বৃহস্পতিবারের সভায় আগামী ২৪ জুলাই থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কমিটির সভাপতি সালাম মুর্শেদী। লিগের সূচি এখনও ঠিক করা হয়নি। ১২ দল নিয়ে শুরু হতে যাওয়া লিগের সূচি শিগগিরই তৈরি করা হবে বলেও জানান তিনি।

৬টি ভেন্যুতে লিগের খেলাগুলো আয়োজনের আগের ছকে আছে লিগ কমিটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম (ঢাকা), এম এ আজিজ স্টেডিয়াম (চট্টগ্রাম) ও সিলেট জেলা স্টেডিয়ামে প্রতি পর্বে প্রতি দিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে।

ফ্লাডলাইটের সুবিধা না থাকায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে দিনে একটি করে ম্যাচ হবে। ময়মনসিংহ বা গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামের মধ্যে যে কোনো একটিকে পরে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হবে বলেও জানান মুর্শেদী।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৩২টি ম্যাচের মধ্যে ২৪টি ম্যাচ ঢাকায় এবং ১০৮টি ম্যাচ ঢাকার বাইরের ভেন্যুতে হবে। চট্টগ্রামের ম্যাচ শেষে শুরু হবে সিলেট পর্ব। এরপর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ম্যাচ। রাজশাহী, বরিশাল ও গোপালগঞ্জ বা ময়মনসিংহে ধারাবাহিকভাবে পরের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে কমিটি।

১২ দলের প্রতিটিকে যাতায়াত, থাকার ব্যয়সহ মোট ৩০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পেশাদার লিগ কমিটির সভাপতি মুর্শেদী। সব মিলিয়ে ২০১৫-১৬ লিগ মৌসুমের জন্য স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক ও বাফুফে মিলে ৯ কোটি টাকা ব্যয় করবে বলেও জানান তিনি।