২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তে গোল দেওয়ায় ‘বিশেষজ্ঞ’ ফ্রান্স

দুর্বল আলবেনিয়ার বিপক্ষে ৮৯তম মিনিট পর্যন্ত গোল পায়নি ফ্রান্স। তবে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়ে প্রথম দল হিসেবে এবারের ইউরোর শেষ ষোলোয় উঠেছে স্বাগতিকরা। দলটির মিডফিল্ডার দিমিত্রি পায়েতের দাবি, এভাবে শেষ মুহূর্তে গোল দেওয়াতে বিশেষজ্ঞ হয়ে গেছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 02:43 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

মার্সেইয়ে বুধবার রাতে প্রথমার্ধের অনুজ্বল পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দিদিয়ে দেশমের দল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় তারা। আর ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার পায়েত ব্যবধান বাড়ান যোগ করা সময়ের শেষ মিনিটে। 

রোমানিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ফ্রান্স শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল। অলিভিয়ে জিরুদের গোলে পিছিয়ে যাওয়ার পর রোমানিয়াকে সমতায় ফিরিয়েছিলেন বোগদান স্তানসু। ৮৯তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন পায়েত।

আলবেনিয়ার বিপক্ষে জয়ের পর পায়েত বলেন, “দারুণ বিষয় হলো, এটা নতুন নয়, মার্চ থেকে এবং হল্যান্ডের বিপক্ষে আমরা এটা দেখিয়েছি যে আমরা সব সময়ই শেষ মুহূর্তে জিততে পারি। প্রতিযোগিতার শুরু থেকেই আমরা যোগ করা সময়েও গোল করতে পারছি।”

“আমাদের ধৈর্য ধরতে হয়েছে, প্রথমার্ধের মাঝামাঝি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি… বদলি হিসেবে নামা খেলোয়াড়রা আজ রাতে পার্থক্য গড়ে দিয়েছে এবং আমরা ফসল পেয়েছি।”

গ্রিজমানকে গোল পেতে দেখেও খুশি হয়েছেন পায়েত।

“এটা বিশেষ এক অনুভূতি ছিল, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে দলের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এবং তা দেখানোর সেরা উপায় এটাই ছিল।”

“আজ রাতে ঐক্য এবং টিম স্পিরিট গুরুত্বপূর্ণ ছিল। অনেকেই আমাদের নিয়ে সন্দেহ করছিল কিন্তু আমরা ম্যাচটি জিতেছি।”