‘ইতালিকে নিয়ে মানুষের ধারণা এখন পাল্টাবে’
এবারের ইউরো শুরুর আগে ফেভারিটদের তালিকায় উপরের দিকে ইতালিকে রাখেনি বেশিরভাগ মানুষ। ফিফা র্যাংকিংয়ের হিসেবে টুর্নামেন্টের সেরা দল বেলজিয়ামকে হারানোর পর ফুটবলেপ্রমীদের ধারণা পাল্টাবে বলে মনে করেন দেশটির মিডফিল্ডার দানিয়েলে দে রস্সি।
লিওঁতে সোমবার রাতে এমানুয়েলে জাক্কেরিনি ও গ্রাৎসিয়ানো পেল্লের গোলে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে ইউরো ২০১৬-এর অভিযান শুরু করে ইতালি।
প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে রইল গতবারের রানার্সআপরা।
এবার ইউরোর শিরোপা জয়ে স্বাগতিক ফ্রান্সের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানির নামই আগে আসছে।
বেলজিয়ামকে হারানোর পর রস্সি বলেন, “এই জয় বলে যে আমরা ভালো দল। এর আগে মানুষ অন্য অনেক দল নিয়ে কথা বলছিল এবং আমাদের সম্ভবত ঠিকমতো মূল্যায়ন করা হয়নি; কিন্তু এখন, এটা কমবে।”
গত বিশ্বকাপে ভালো শুরুর পরও গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার বিষয়টি তুলে ধরে ইতালির কোচ আন্তোনিও কোন্তে শিষ্যদের পা মাটিতে রাখারই পরামর্শ দেন।
“আমি মনে করি না, একটি মাত্র ম্যাচ মানুষের ধারণা পরিবর্তন করে দেবে। যে মানুষগুলো মনে করে, (এখন আমরা জিততে পারি) তারা ফুটবল সম্পর্কে কিছু জানে না। আমাদের বিশ্বকাপের ক্ষত এখনও দগদগে।”
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ শুরু করেছিল ইতালি। এর পর টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল চারবারের বিশ্বকাপ জয়ীরা।
এবারের ইউরোতে তাই সতর্কভাবে এগোতে চায় ইতালি।
“আমরা শেষ ষোলোতে যেতে চাই এবং এরপর যতদূর যাওয়া আমাদের প্রাপ্য ততদূর যাব।”
