ওয়ারীকে হারিয়ে ঊষার পরেই মেরিনার ইয়াংস
ওয়ারী ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শীর্ষে থাকা ঊষা ক্রীড়া চক্রের পেছনে ছুটছে মেরিনার ইয়াংস। সোমবার একই দিনে জিতেছে বাংলাদেশ এসসি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দুইবার এগিয়ে গেলেও পেরে ওঠেনি ওয়ারী। শেষ দিকে দারুণ খেলে ৪-২ গোলের জয় তুলে নেয় মেরিনার ইয়াংস।
সপ্তম মিনিটে মুসা মিয়ার গোলে এগিয়ে যায় ওয়ারী। ষষ্ঠদশ মিনিটে মেরিনার ইয়াংসকে সমতায় ফেরান আরশাদ হোসেন। ২৪তম মিনিটে মুসা ফের এগিয়ে নেন দলকে। পেনাল্টি কর্নার থেকে এবার অধিনায়ক মামুনুর রহমান চয়নের লক্ষ্যভেদে স্কোরলাইন ২-২ করে মেরিনার ইয়াংস। দ্বিতীয়ার্ধে ফজলে হোসেন রাব্বি ও ওয়াকার শরিফের গোলে চলতি লিগে নিজেদের ষষ্ঠ জয় তুলে নেয় দলটি।
আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে মেরিনার। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঊষা ক্রীড়া চক্র এক ম্যাচ কম খেলেছে।
একই দিনে সোনালী ব্যাংককে ৫-৪ গোলে হারিয়ে চলতি লিগে নিজেদের তৃতীয় জয় তুলে নেয় বাংলাদেশ এসসি। দলের জয়ে প্রিন্স তিনটি, সায়েম ও সেরাজ আলি একটি করে গোল করেন।
চলতি লিগে পঞ্চম হারের স্বাদ পাওয়া সোনালী ব্যাংকের ইশান উল্লাহ দুটি এবং তোসেফ আহমেদ ও বেলাল হোসেন একটি করে গোল দেন।
