রিয়ালকে বিজয়ী দেখতে চান লা লিগা প্রধান
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস নিজেই জানিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদের সমর্থক। আর একজন সমর্থক হিসেবে চাওয়াটা জানিয়ে দিলেন তিনি-আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্পেনের সফলতম ক্লাবটিই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতুক।
মিলানের সান সিরো স্টেডিয়ামে আগামী শনিবার এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদ শহরের ক্লাব দুটি।
গত নভেম্বরে লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে নিজেকে রিয়ালের সমর্থক বলে উল্লেখ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন তেবাস। ২০১৩ সালের এপ্রিল থেকে লা লিগার প্রধানের পদে থাকা তেবাস আরেকবার রিয়ালকে সমর্থনের কথা জানালেন।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে তেবাস বলেন, “আতলেতিকোর বিপক্ষে গোল করা খুব কঠিন।”
“মাদ্রিদের সমর্থক হিসেবে আমি তাদের (রিয়াল) জয় চাইব। কিন্তু আতলেতিকো খুব আক্রমণাত্মক, প্রচুর সুযোগ তৈরি করে এবং তাদের আপনি কখনোই বুঝতে পারবেন না-এটা তাদের প্রতিশোধ নেওয়ার মুহূর্তও হতে পারে।”
২০১৪ সালে লিসবনে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে আতলেতিকোকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় দশম শিরোপা জেতে রিয়াল।
