২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রি-কিকে গোল করার ক্লাব রেকর্ড স্পর্শ মেসির

ফ্রি-কিক থেকে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ২৩ গোল করার রোনাল্ড কোমানের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 09:03 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

আর্জেন্টিনার ফরোয়ার্ড ২৮ বছর বয়সী মেসি এবারের লা লিগায় ফ্রি-কিক থেকে ৭ গোল করেন, যার সবশেষটি আসে গত রোববার এসপানিওলের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে।

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে এই নিয়ে মেসির গোল হলো ২৩টি।

আর্জেন্টিনা অধিনায়ক জানান, ঠিকভাবে ফ্রি-কিক নেওয়ার জন্য প্রচুর অনুশীলন করেন তিনি।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “হ্যাঁ, সত্যি এই যে, আমরা এর জন্য অনুশীলন করি। বলটি সঠিক জায়গায় পৌঁছে দিতে কিভাবে মারব তা নিয়ে কাজ করি আমরা এবং ক্যারিয়ার জুড়েও আপনি বিষয়গুলো শেখেন।”

বার্সেলোনায় মেসি প্রথম ফ্রি-কিক নেন ২০০৮-০৯ মৌসুমে। কাতালান ক্লাবটিতে এক সময় রোনালদিনিয়ো, থিয়েরি অঁরি আর চাভি এর্নান্দেসই মূলত ফ্রি-কিকগুলো নিতেন।

১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার বিপক্ষে বার্সেলোনা ১-০ গোলের জয় পেয়েছিল কোমানের বিদ্যুৎগতির এক ফ্রি-কিকে। নেদারল্যান্ডসের সাবেক এই তারকা শক্তির উপর মনোযোগ দিতেন, আর মেসি জোর দেন নিখুঁতভাবে ফ্রি-কিক নেওয়ার দিকে।

“সত্যি বলতে কী, আমি খেলোয়াড়দের দেয়ালের উপর দিয়ে মারতে পছন্দ করি। কিন্তু মাঝে মাঝে আমি কিছুটা অন্যভাবে নিতে পছন্দ করি, যাতে গোলরক্ষক না বোঝে আমি কিভাবে নিচ্ছি এবং আমি কিক না নেওয়া পর্যন্ত তাকে ধন্ধের মধ্যে রাখতে চাই।”

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৩ ম্যাচে ৩৭ গোল করেন মেসি।

৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা আগামী শনিবার গ্রানাদার মাঠে জিতলেই শিরোপা ধরে রাখবে। এর পর আগামী ২২ মে কোপা দেল রের ফাইনালে সেভিয়ার বিপক্ষে খেলবে তারা।