ফুটবলের অনিশ্চয়তার কারণেই আশাবাদী জিদান
শেষ রাউন্ডের আগে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকলেও লা লিগার শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী জিনেদিন জিদান। ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে-এই অনিশ্চয়তাই ইতিবাচক রাখছে রিয়াল মাদ্রিদ কোচকে।
ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে গত রোববার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ভালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখে রিয়াল। আতলেতিকো মাদ্রিদ লেভান্তের কাছে হেরে যাওয়ায় শিরোপা লড়াই এখন শুধুই বার্সেলোনা আর রিয়ালের মধ্যে। তবে শেষ ম্যাচে বার্সেলোনা দুর্বল গ্রানাদাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে।
৩৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮৮। ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
ম্যাচ শেষে জিদান বলেন, “আমি সব সময়ই ইতিবাচক এবং জানি যে, ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে।”
“আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে, সব কিছু নিংড়ে দাও এবং কী ঘটে তা দেখতে শেষ পর্যন্ত যেতে থাকো। প্রথম বিষয় হচ্ছে, আমাদের নিজেদের ম্যাচ-এটা সহজ হবে না এবং এটা আমরা সবাই জানি।”
জিদান বলেন, “আমরা এখন দ্বিতীয় স্থানে আছি, এক ম্যাচ বাকি আছে এবং যে কোনো কিছু ঘটতে পারে-ফুটবলে আপনি কখনোই কিছু জানেন না।”
রিয়ালের শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি দলটির সেরা তারকা রোনালদোর লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জয়ের লড়াইও রয়েছে। আপাতত ৩৩ গোল নিয়ে বার্সেলোনার লুইস সুয়ারেসের (৩৭ গোল) পেছনে আছেন তিনি।
শেষ রাউন্ডের আগে ৪ গোল পিছিয়ে থাকলেও রোনালদো শেষ পর্যন্ত এর জন্য লড়বেন বলে মনে করেন জিদান।
“তাকে ভালো করে জানি বলেই বলছি, রোনালদো এর জন্য শেষাবধি লড়াই করবে। পিচিচির জন্যই নয়, প্রত্যেক ম্যাচে গোল করা তার লক্ষ্য। সে সব সময় আরও বেশি গোল করতে চায়। আমরা দেখব, এটা কী রকম হয়।”
