গ্রানাদার ভরসায় রিয়াল
লা লিগার শিরোপা জিততে হলে শেষ রাউন্ডে রিয়াল মাদ্রিদকে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বার্সেলোনা-গ্রানাদা ম্যাচের দিকে। স্পেনের সফলতম ক্লাবটির কোচ জিনেদিন জিদান আশা করছেন, কাতালান দলটির বিপক্ষে ভালো খেলবে গ্রানাদা।
ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ভালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখে রিয়াল। আতলেতিকো মাদ্রিদ লেভান্তের কাছে হেরে যাওয়ায় শিরোপা লড়াই এখন শুধুই বার্সেলোনা আর রিয়ালের মধ্যে। তবে শেষ ম্যাচে বার্সেলোনা দুর্বল গ্রানাদাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে।
৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৭।
ম্যাচ শেষে জিদান বলেন, “আমাদের পয়েন্ট পেয়ে যেতে হবে এবং আশা করছি, গ্রানাদা তাদের ম্যাচে ভালো করবে। আমাদের ম্যাচটি জিততে যা করা প্রয়োজন আমরা তাই করব।”
“যদিও গ্রানাদা এখন অবনমন অঞ্চল থেকে নিরাপদে আছে, আমি নিশ্চিত তারা তাদের শেষ ম্যাচটি যেভাবে খেলা উচিত সেভাবেই খেলবে।”
