মেসির সঙ্গে সাউলের তুলনায় গুয়ার্দিওলার আপত্তি
বায়ার্ন মিউনিখের জালে আতলেতিকো মাদ্রিদের সাউল নিগেসের একক নৈপুণ্যে করা গোলটিকে এখন তুলনা করা হচ্ছে লিওনেল মেসির দুর্দান্ত গোলগুলোর সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বে সাউলের ওই একমাত্র গোলে হারার পর বায়ার্ন কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য এই তুলনায় আপত্তি জানিয়েছেন।
গত বুধবার ভিসেন্তে কালদেরনে গোলটি করার পথে সাউল বায়ার্নের দুজন খেলোয়াড়কে কাটান। বক্সে ঢুকে কাছাকাছি থাকা তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের শটে গোল করেন স্পেনের এই মিডফিল্ডার।
অসাধারণ এই দৌড় আর ড্রিবলিংয়ের জন্য অনেকেই সাউলের গোলটির তুলনা করছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসির সঙ্গে। প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারদের কাটিয়ে এমন অনেক গোল করার নজির আছে আর্জেন্টিনা অধিনায়ক মেসির।
সাউলের প্রশংসায় মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া গুয়ার্দিওলা বলেন, “আমি তাকে আগেও দেখেছি এবং সে দারুণ এক খেলোয়াড়। স্পেনের ফুটবল আরেকটা অসাধারণ প্রতিভা পেল।”
