২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের সঙ্গে পুরানো হিসাব চুকানোর সুযোগ আতলেতিকোর

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে মাঠে নামার আগে প্রতিশোধ নেওয়ার ভাবনাও আছে আতলেতিকো শিবিরে। ১৯৭৪ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে এই দলের কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভেঙেছিল স্পেনের ক্লাবটির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 10:59 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

ঘরের মাঠে প্রিয় সমর্থকদের সামনে খেলার সুবিধাও পাবে দিয়েগো সিমেওনের দল আতলেতিকো। আগামী বুধবার ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি। 

৪২ বছর আগে ব্রাসেলসে শিরোপা নির্ধারণী ম্যাচের অতিরিক্ত সময়ে স্প্যানিশ মিডফিল্ডার লুইস আরাগোনেসের গোলে জয়ের পথেই ছিল আতলেতিকো। কিন্তু একেবারে শেষ মিনিটে জার্মান ডিফেন্ডার হ্যান্স-জর্জ শোয়ার্জেনবেকের গোলে সমতায় ফেরে বায়ার্ন। পরে রিপ্লে ম্যাচে ৪-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় জার্মান ক্লাবটি।

শেষ মুহূর্তের গোলে সেই যে শিরোপা হারানোর কষ্ট আজও তাড়া করে ফেরে আতলেতিকোকে। শেষ মুহূর্তে শোয়ার্জেনবেকের গোলটাকে আজও মনে করা হয় ‘অভিশপ্ত’ হিসেবে।

সেদিনের পর আবারও মহাদেশ সেরার মঞ্চে ফাইনালে উঠতে লেগে যায় ৪০ বছর এবং সেখানেও তাদের হতাশার চেহারাটা প্রায় একই, ঠিক যেন ইতিহাসের পুনরাবৃত্তি।

২০১৩-১৪ আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩৬তম মিনিটে দিয়েগো গদিনের গোলে এগিয়ে গিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আতলেতিকো। কিন্তু যোগ করা সময়ে সের্হিও রামোসের হেডে সমতায় ফেরে রিয়াল। আর অতিরিক্ত সময়ে ৪-১ গোলে জিতে দশম শিরোপা নিশ্চিত করে তারা।

বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ পরিসংখ্যানটা সমৃদ্ধ। এ পর্যন্ত মোট পাঁচবার ইউরোপ সেরা হয়েছে ক্লাবটি। সবশেষ ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নদের সামনে এবার ষষ্ঠ শিরোপার হাতছানি।

প্রতিশোধের স্বপ্নে বিভোর আতলেতিকোর সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া। লা লিগায় পয়েন্টে হিসেবে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা দলটির রক্ষণ এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি কার্যকর। ঘরের মাঠে এ প্রতিযোগিতায় শেষ ১৫ ম্যাচের ১৩টিতেই কোনো গোল খায়নি তারা।

অন্যদিকে, সেমি-ফাইনালে ওঠা চারটি দলের মধ্যে বায়ার্ন এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৮টি গোল করেছে। সে হিসেবে ম্যাচটিকে সেরা রক্ষণের সঙ্গে সেরা আক্রমণভাগের লড়াইও বলা চলে।

বায়ার্নের রক্ষণও অবশ্য কম মজবুত নয়; ঘরোয়া ফুটবলে শেষ তিন ম্যাচে কোনো গোল না খেয়েই জিতেছে গত সাত মৌসুমে ছয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা দলটি। তাই গোল পেতে আতলেতিকোকে কঠিন পরীক্ষাই দিতে হবে।