বহিষ্কৃত হয়ে অভিযোগ নেই সিমেওনের
মালাগার বিপক্ষে ম্যাচে মাঠ থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে কোনো অভিযোগ নেই দিয়েগো সিমেওনে। রেফারি তাকে ডাগআউট থেকে গ্যালারিতে পাঠিয়ে ঠিকই করেছেন বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদের কোচ।
নিজেদের মাঠে গত শনিবার আনহেল কোরেয়ার একমাত্র গোলে মালাগাকে হারায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে গ্যালারিতে বসেই খেলা দেখতে হয় ক্লাবটির কোচ সিমেওনেকে।
ম্যাচটি তখনও গোলশূন্য ছিল। প্রথমার্ধের শেষ দিকে মালাগা প্রতিআক্রমণে যাওয়ার সময় আতলেতিকোর ডাগআউট থেকে একটি বল মাঠে ছুড়ে মারা হয়। রেফারি সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে দেন।
সেই সময় ঠিক বোঝা যাচ্ছিল না এর জন্য দায়ী কে। তবে বিরতিতে দুই দল মাঠ ছাড়ার সময় রেফারিকে সিমেওনের সঙ্গে কথা বলতে দেখা যায়। আর বিরতির পর আতলেতিকো কোচ গ্যালারিতে গিয়ে বসেন।
সিমেওনে জানান, তার পাশের আরেকজন বলটা ছুড়ে মেরেছিল।
এই জয়ে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও শীর্ষে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮১।
জমে ওঠা শিরোপা লড়াই নিয়ে সিমেওনে বলেন, “এই জয় আমাদের মৌসুমের শেষ পর্যন্ত লড়াইয়ে রাখল। কিন্তু আমরা বদলাব না, আমাদের মনোযোগ পরের ম্যাচে।”
