২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসলের বিপক্ষে লিভারপুলের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারিয়েছে লিভারপুল। অবনমন অঞ্চলে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:52 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

জয়ে ফিরল চেলসি
স্টোককে হারিয়ে সিটির প্রতিশোধ

এই হোঁচটে লিভারপুলের আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেল। ৩৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাটেডের পয়েন্ট ৫৯। আর সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল।

প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পায়, চতুর্থ হওয়া দলটি খেলবে প্লে-অফ। 

ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ৭৬ সেকেন্ডের মধ্যে এগিয়ে যায় লিভারপুল। মাঝ মাঠের কাছ থেকে স্প্যানিশ ডিফেন্ডার আলবের্তো মোরেনোর উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে বাঁ-পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ড্যানিয়েল স্টারিজ।

৩০তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম লালানা। মোরেনোর পাস ধরে ডি বক্সের একটু বাইরে থেকে কোনাকুানি শটে বাঁ-পোস্টের উপরের কোণা ঘেষে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া নিউক্যাসল দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৪৮তম মিনিটে ডাচ মিডফিল্ডার ভার্নন আনিটার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন সেনেগালের ফরোয়ার্ড পাপিস সিসে।

আর ৬৬তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের জোরালো শটে নিউক্যাসলের জন্য মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত করেন জ্যাক কোলব্যাক। এ মৌসুমে এই ব্রিটিশ মিডফিল্ডারের এটাই প্রথম গোল।

অন্য ম্যাচে বোর্নমাউথকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে চেলসি।

আর দিনের প্রথম ম্যাচে স্টোক সিটিকে ৪-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার সিটি। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার।