২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরল চেলসি

এডেন হ্যাজার্ডের জোড়া গোলে বোর্নমাউথকে ৪-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:19 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

দলের বাকি দুটি গোল করেছেন পেদ্রো রদ্রিগেস ও উইলিয়ান।

প্রতিপক্ষের মাঠে শনিবার চেলসির বড় ব্যবধানের এই জয়ে তিনটি গোলে সহায়তা করেন স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাস। 

গত ডিসেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল গত মৌসুমের চ্যাম্পিয়নরা। বরখাস্ত হওয়ার আগে ঘরের মাঠে এটিই ছিল জোসে মরিনিয়োর শেষ ম্যাচ।

মরিনিয়োর জায়গায় অন্তবর্তী কোচ হিসেবে চেলসির দায়িত্ব নেওয়া গাস হিডিঙ্ক প্রিমিয়ার লিগে টানা ১৪ ম্যাচ দলকে অপরাজিত রাখেন। তবে বোর্নমাউথের বিপক্ষে তারা মাঠে নেমেছিল টানা দুটি হারের তিক্ত স্বাদ নিয়ে।

জয়ে ফিরতে মরিয়া চেলসি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। স্পেনের দুই খেলোয়াড়ের নৈপুণ্যে এর ফলও দ্রুতই পেয়ে যায় তারা। মাঝমাঠে বল পেয়ে মিডফিল্ডার ফাব্রেগাস খানিক এগিয়ে দারুণ এক পাস দেন আগুয়ান ফরোয়ার্ড পেদ্রোকে। বাঁ পায়ের দুর্দান্ত এক ফ্লিকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি।

৩৪তম মিনিটে ফাব্রেগাসের পাস পেয়ে ডি-বক্সের বেশ বাইরে থেকে নেওয়া জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন চোট কাটিয়ে ৫ ম্যাচ পর খেলতে নামা হ্যাজার্ড।

টমি এলফিকের গোলে দুই মিনিট পর অবশ্য ব্যবধান কমায় বোর্নমাউথ।

৭১তম মিনিটে ব্যবধান ৩-১ করেন চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। ফাব্রেগাসের দেওয়া পাসটি ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। এর পর দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান।

নেমানিয়া মাতিচের পাস থেকে যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড।

এই জয়ে ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট হলো চেলসির।

দিনের আরেক ম্যাচে নিজেদের মাঠে নিউক্যাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করে লিভারপুল। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৫৫।