২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোককে হারিয়ে সিটির প্রতিশোধ

ইংলিশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে স্টোক সিটির বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার সিটি। নবম স্থানে থাকা দলটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 07:43 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

গত ডিসেম্বরে স্টোকের মাঠ থেকে ২-০ গোলে হেরে ফিরেছিল সিটি। এই জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোমতোই টিকে থাকল তারা।

১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে থাকা আর্সেনাল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডও।

শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৭৩। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় টটেনহ্যাম হটস্পার।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৩৪তম মিনিটে ফের্নান্দোর গোলে এগিয়ে যায় সিটি। হেসুস নাভাসের কর্নারে হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার।

বিরতির আগে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো। ডি-বক্সে ঢুকে পড়া কেলেচি লিহেনাচোকে ডিফেন্ডার রায়ান শক্রস হাত দিয়ে আটকে রাখায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এই দুটি গোল ছাড়া প্রথমার্ধে গোলের দিকে কোনো শটই নিতে পারেনি স্বাগতিকরা।

২৩ গোল নিয়ে লিগের গোলদাতাদের তালিকায় আগুয়েরো এখন এককভাবে দ্বিতীয়। ২৪ গোল করে শীর্ষে আছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন।

৬০তম মিনিটে অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্কো আর্নাউতোভিচের জোরালো শট দারুণ দক্ষতায় গোলরক্ষক জো হার্ট ঠেকিয়ে দিলে ব্যবধান কমানোর সুযোগ হারায় স্টোক।

এর দুই মিনিট পর জয় নিশ্চিত করে ফেলেন লিহেনাচো। ডান দিক থেকে পাবলো সাবালেতার নীচু ক্রসে সহজেই লক্ষ্যভেদ করেন ১৯ বছর বয়সী নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ান লিহেনাচো; মাঝ মাঠের কাছাকাছি থেকে উইলফ্রেদ বোনির বাড়ানো পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল জড়ান তরুণ এই ফরোয়ার্ড।

এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে ৪টি করে গোল হজম করল স্টোক সিটি।