২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছন্দে ফেরা বার্সার সামনে পুঁচকে স্পোর্তিং

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া বার্সেলোনা এখন ঘরোয়া ফুটবলে ‘ডাবল’ জিততে মরিয়া। লা লিগায় তাদের মন্ত্র একটাই-বাকি চার ম্যাচে পয়েন্ট খোয়ানো যাবে না। ছন্দে ফেরা প্রত্যয়ী কাতালান ক্লাবটির সামনে এবার অবনমন অঞ্চলে থাকা পুঁচকে স্পোর্তিং গিহন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 10:23 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

নিজেদের মাঠ কাম্প নউয়ে বার্সেলোনা ম্যাচটি খেলতে নামবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

কয়েক সপ্তাহ আগে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে সহজেই লিগ জয়ের স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু লুইস এনরিকের দলের টানা তিন ম্যাচ হেরে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাদের সঙ্গে পয়েন্ট সমান করে ফেলে আতলেতিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও পয়েন্টের ব্যবধান কমিয়ে ১ করে ফেলে।

শিরোপা লড়াইয়ে বার্সেলোনার তুমুল প্রতিদ্বন্দ্বী দল দুটিও আগামী শনিবার খেলতে নামবে। সবার আগে মাঠে নামবে রিয়াল; পয়েন্ট তালিকার ষোড়শ স্থানে থাকা রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে জিনেদিন জিদানের দল। নিজেদের মাঠে মালাগার বিপক্ষে আতলেতিকোর ম্যাচটিও শেষ হয়ে যাবে বার্সেলোনা মাঠে নামার আগেই।

আতলেতিকো আর রিয়াল মাদ্রিদ জিতলে ৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে অষ্টাদশ স্থানে থাকা স্পোর্তিংয়ের বিপক্ষে বার্সেলোনা ম্যাচটি শুরু করবে তৃতীয় স্থানে থেকে। হোঁচট খেলে তখন থাকতে হবে তৃতীয় স্থানেই।

লুইস এনরিকের দলের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস তাই ভুল-ভ্রান্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়ে রেখেছেন।

“এটা আমাদের উপর নির্ভর করে। আমরা জানি, আমাদের প্রতিদ্বন্দ্বীরা হোঁচট খাবে না। কারণ, তারা লা লিগার সেরা দল।”

“আমরা জানি, বাকি ম্যাচগুলোয় সম্ভবত তারা পয়েন্ট হারাবে না। কিন্তু এটা আমাদের উপর হয়ত প্রভাব ফেলবে না,” যোগ করেন সুয়ারেস।

সতর্কতার মন্ত্র এনরিকের কণ্ঠেও, “গত ১০ মৌসুমের দিকে তাকালে দেখবেন, সব সময়ই বিস্ময় থাকে; বিশেষ করে শেষ পাঁচটিতে। আমাদের এটা নিশ্চিত করতে তৈরি থাকতে হবে, এর প্রভাব অন্যদের উপর পড়ুক, আমাদের উপর নয়।”

এ ম্যাচের আগে কাম্প নউয়ে একটা ফুরফুরে ভাব অবশ্য বিরাজ করছে। গত বুধবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচ দিয়ে হারানো ছন্দ ফিরে পেয়েছে কাতালান ক্লাবটি। ৮-০ ব্যবধানে জেতা ম্যাচে সুয়ারেস একাই করেন চার গোল; তিনটি গোলে সহায়তাও করেন তিনি। আর পাঁচ ম্যাচের গোল-খরা কাটান নেইমার। স্কোরশিটে নাম লেখান দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও।

ম্যাচ শেষে ডিফেন্ডার মার্ক বার্ত্রা বলেছিলেন, বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো খবর ছিল আক্রমণত্রয়ীর গোলে ফেরা।

দেপোর্তিভোর বিপক্ষে মেসি হালকা চোট পেলেও এ ম্যাচের জন্য তিনি পুরো ‘ফিট’ আছেন বলে জানান কোচ এনরিকে।

অন্য সবকিছুর মতো মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও স্পোর্তিংয়ের চেয়ে স্বাভাবিকভাবেই এগিয়ে আছে বার্সেলোনা। সবশেষ খেলা পাঁচ ম্যাচের চারটিতেই জেতে বার্সেলোনা। লিগের প্রথম পর্বের ম্যাচটিতে লিওনেল মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল এনরিকের দল।