সতর্ক রিয়ালের সামনে ভায়েকানো
বেশ জমে ওঠা লা লিগার শিরোপা লড়াইয়ে যে কোনো কিছুই ঘটতে পারে বলে বিশ্বাস করেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। তাই বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদের চেয়ে সামান্য পিছিয়ে থাকা দলটির লক্ষ্য শেষ চারটি ম্যাচ জিতে নিজেদের কাজটা সেরে রাখা। এই লক্ষ্যে জিনেদিন জিদানের দল এবার সামনে পাচ্ছে অবনমন অঞ্চল থেকে একটু উপরে থাকা রায়ো ভায়েকানোকে।
ভায়েকানোর মাঠে ম্যাচটি শুরু হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়।
এক সময় শীর্ষ দল বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জয়ের আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু লুইস এনরিকের দলের টানা তিন ম্যাচ হেরে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১ করে ফেলেছে রিয়াল।
৩৪ রাউন্ড শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৭৮।
গত ফেব্রুয়ারিতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর কাছে হেরে যাওয়ার পর লিগে রিয়াল আর কোনো ম্যাচ না হারায় সান্তিয়াগো বের্নাবেউয়ে শিরোপা স্বপ্ন আবার ফিরে এসেছে। তাই সতর্কভাবেই এগোতে চায় টানা আট ম্যাচ জেতা দলটি।
রিয়ালের সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে মনে করেন, ন্যূনতম ভুলের সুযোগ নেই তার দলের সামনে।
“আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি-আমাদের সবগুলো ম্যাচ জিততে হবে এবং শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। …যে কোনো কিছুই ঘটতে পারে এবং আমরা ভাবছি, নিজেরা কি করতে পারি। মাথা ঠাণ্ডা রেখে নিজেদের খেলাটা খেলতে হবে আমাদের।”
গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়াল দলে পাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোকে। ডান ঊরুর পেশির চোটটা অতটা গুরুতর নয় তারকা এই ফরোয়ার্ডের; তিনি নিজেও খেলতে চাচ্ছেন। কিন্তু আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচের কথা ভেবে তাকে এ ম্যাচে খেলাবেন না বলে জানান রিয়াল কোচ জিদান। রোনালদোকে ছাড়াই ভালো ফল পেতে প্রত্যয়ী তিনি।
“আমি মনে করি না সে ক্লান্ত। আমাদের সূচি কঠিন এবং এটা এরকমই। আমাদের ভালো খেলতে হবে এবং সবগুলো ম্যাচ জিততে হবে।”
তবে এ ম্যাচে আরেক তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেলকে হয়ত ফিরে পাচ্ছে রিয়াল। চোটের কারণে গত বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে দলের ৩-০ গোলে জেতা ম্যাচে খেলতে না পারা ওয়েলসের এই ফরোয়ার্ড অনুশীলনে ফিরেছেন।
৩৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে থাকা ভায়েকানো লিগের প্রথম পর্বের ম্যাচে রিয়ালের মাঠে ১০-২ গোলে হেরেছিল।
