২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ে শঙ্কায় আবাহনীর সেমির স্বপ্ন

নতুন কোচ দ্রাগো মামিচের হাত ধরে আবাহনী লিমিটেডের শুরুটা জয় দিয়ে হলো না। আক্রমণ, পাল্টা আক্রমণের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 08:14 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

এই ড্রয়ে ‘বি’ গ্রুপের আবাহনীর সেমি-ফাইনালে ওঠার পথটা একটু কঠিন হয়ে গেল। বিজেএমসিকে পেছনে ফেলে সেরা চারে ঠাঁই পেতে গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার শীর্ষে থাকা শেখ রাসেলের বিপক্ষে হার এড়াতে হবে জুয়েল-জীবনদের।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আবাহনী। কিন্তু জুয়েল রানার বাড়ানো বলে নর্দান আয়ারল্যান্ডের মিডফিল্ডার রোহান রিকেটসের ভলি পোস্টে লেগে প্রতিহত হয়। পরের মিনিটেই প্রতিআক্রমণ থেকে রহমতগঞ্জের সিও জুনাপিওর শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক সুলতান আহমেদ সাকিল।
 
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে সপ্তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। কামারা সাররার বাড়ানো বল বক্সের জটলার মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রোহান। পিছিয়ে পড়া রহমতগঞ্জ সমতায় ফেরে ৩৯তম মিনিটে। ফয়সাল আহমেদের ক্রস থেকে হেডে সাকিলকে পরাস্ত করেন সিও জুনাপিও।
 

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ আলাউদ্দিনের শেষ মুহূর্তের সেভে বেঁচে যায় রহমতগঞ্জ। সতীর্থের বাড়ানো বল নিয়ে ডান দিক থেকে বক্সের ঢুকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের ওপর দিয়ে আলতো করে শট নেন আবাহনীর জুয়েল রানা, কিন্তু গোললাইন থেকে তা ফেরান আলাউদ্দিন। একটু পর সানডে চিজোবা পোস্টের বাইরে শট নিয়ে আবাহনীর হতাশা আরও বাড়ে। ৭০তম মিনিটে নুরুল আবসারের গোলে কোনঠাসা হয়ে পড়ে আবাহনী। ফয়সাল আহমেদের বল মাপা শটে সাকিলের মাথার ওপর দিয়ে ঠিকানায় পৌঁছে দেন রহমতগঞ্জের এই ফরোয়ার্ড। ৮৩তম মিনিটে রোহানকে তুলে নিয়ে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে নামান আবাহনী কোচ। দুই মিনিট পর সমতায় ফেরে মামিচের দল। সানডের শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে স্কোরলাইন ২-২ করে দেন সেনেগালের ফরোয়ার্ড কামারা সাররা। যোগ করা সময়ে ফয়সাল মাহমুদের শট পোস্টে লেগে ফিরলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে। চার ম্যাচে ৬ পয়েন্ট আবাহনীর। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট বিজেএমসি। ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে সেরা চার আগেই নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া