২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের হাতছানিতে মুখোমুখি সিটি-পিএসজি

ঘরোয়া ফুটবলে শীর্ষ সারির দল হলেও মহাদেশ সেরার লড়াইয়ে এখনও প্রতিষ্ঠিত শক্তি নয় ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে সে লক্ষ্যে বড় এক ধাপ এগুনোর সুযোগ তাদের। ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সামনে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার শেষ চারে ওঠার হাতছানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 06:19 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পিএসজির মাঠ থেকে প্রথম পর্ব ২-২ গোলে ড্র করে ফেরায় ফিরতি পর্বে গোলশূন্য বা ১-১ গোলে ড্র করলেই সেমি-ফাইনালে উঠবে মানুয়েল পেল্লেগ্রিনির দল। অন্যদিকে, ফ্রান্সের ক্লাবটিকে হয় জিততে হবে নয়তো ৩-৩ বা তার বেশি স্কোরলাইনে ড্র করতে হবে।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

গত চার মৌসুমে দুবার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলেও মহাদেশ সেরার মঞ্চে বারবারই হতাশ করেছে সিটি। ২০১১-১২ মৌসুমে লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে পা রাখলেও সেবার গ্রুপ পর্বই পার হতে পারেনি তারা। পরের দুবার শেষ ষোলোর গণ্ডিতে আটকে যায়।

এবার কোয়ার্টার-ফাইনালে উঠে তাই এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে সের্হিও আগুয়েরো-ভিনসেন্ট কোম্পানিরা। আরেক ধাপ এগিয়ে যেতে দলটির আত্মবিশ্বাস বাড়াচ্ছে লিগে শেষ দুই ম্যাচের জয়।

চ্যাম্পিয়ন্স লিগে বারবার সম্ভাবনা জাগিয়ে হোঁচট খাওয়ার হতাশা পিএসজিরও কম নয়। গত তিন মৌসুম ধরে প্রতিবারই কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে ফ্রান্সের ক্লাবটি। ১৯৯৪-৯৫ মৌসুমে প্রথম ও শেষবার এ প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠেছিল তারা।

একমাত্র ওই সাফল্যের পুনরাবৃত্তি করার লক্ষ্যে দলটির প্রেরণা হতে পারে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলা জ্লাতান ইব্রাহিমোভিচ ও আনহেল দি মারিয়ারা এবার আট ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলেছেন।