টটেনহ্যামের ৭ মিনিটের ঝড়ে কুপোকাত ইউনাইটেড
হোয়াইট হার্ট লেনে ছন্দহীন প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় কেটে যায় একইভাবে। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম হটস্পার। সাত মিনিটের মধ্যে তিনবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে অসাধারণ এক জয় তুলে নেয় শিরোপা লড়াইয়ে থাকা দলটি।
রোববারের ৩-০ গোলের এই জয়ে লেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে রেখে শিরোপা স্বপ্ন ধরে রাখলো টটেনহ্যাম। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫।
এর আগে দিনের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজুবত করে লেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের হারে ক্লাওদিও রেনিয়েরির চমক জাগানো দলটির শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হয়ে গেল।
দুই ঘণ্টার বেশি সময় যানজটে আটকা থাকায় মাঠে দেরিতে পৌছায় ইউনাইটেড দল। ফলে ম্যাচও শুরু হয় আধাঘণ্টা দেরিতে। ওয়ার্ম-আপ করতে না পারায় ম্যাচের আগে ক্ষোভ প্রকাশ করেন লুই ফন খাল। অপেক্ষা করতে হওয়ায় টটেনহ্যামের জন্যও এটা ভালো কিছু নয় বলে জানান ইউনাইটেড কোচ।
যে কারণেই হোক না কেন, লন্ডনের হোয়াইট হার্ট লেনে এদিন প্রথম ১৫ মিনিটে দুদলই অগোছালো ফুটবল খেলে। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে টটেনহ্যাম।
প্রথম ৬০ মিনিট পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ফন খালের শিষ্যরা।
ঢিমেতালে চলতে থাকা ম্যাচের ৭০তম মিনিটে প্রথম আঘাত হানে টটেনহ্যাম। বাঁ-দিক থেকে এরিকসেনের বাড়ানো বলে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি।
৭৪তম মিনিটে লামেলার বাঁকানো ফ্রি-কিকে হেড করে ব্যবধান বাড়ান বেলজিয়ামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড। দুই মিনিট পর ডিফেন্ডার ড্যানি রোজের আড়াআড়ি পাসে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লামেলা।
শেষ দিকে ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারতো। তাতে টটেনহ্যামের জয়োল্লাসে নিশ্চয় কোনো কমতি হয়নি।
অপর ম্যাচে স্টোক সিটিকে ৪-১ গোলে হারিয়ে ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল। নবম স্থানে নেমে যাওয়া স্টোকের পয়েন্ট ৩৩ ম্যাচে ৪৭।
