ঘরের মাঠেও পিএসজিকে এগিয়ে রাখছেন চেলসি কোচ
প্রথম পর্বে হারলেও প্রতিপক্ষের মাঠে একটি গোল করার স্বস্তি আছে চেলসির। ফিরতি লেগে নিজেদের মাঠে সমর্থকদের সামনে খেলার বাড়তি সুবিধা তো আছেই। তারপরও পিএসজির বিপক্ষে লড়াইয়ে নামার আগে নিজেদেরই ‘আন্ডারডগ’ মানছেন গাস হিডিংক।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের ফিরতি পর্বের ম্যাচটি।
পিএসজির মাঠে প্রথম লেগে ২-১ ব্যবধানে হারলেও ‘অ্যাওয়ে’ গোল এ পাওয়ায় এ ম্যাচে চেলসির সামনে সহজ সমীকরণ, ১-০ গোলে জিতলেই কোয়ার্টার-ফাইনালে উঠবে তারা। তবে এ মৌসুমে পিএসজির দুর্দান্ত ফর্মের বিচারেই হয়তো তুলনামূলক সহজ লক্ষ্যটাকেই কঠিন মানছেন গাস হিডিংক।
প্রতিপক্ষকে এগিয়ে রাখার অন্য কারণও থাকতে পারে। শিষ্যদের উপর মানসিক চাপ কমানোর এটা কৌশলও হতে পারে ডাচ এই কোচের। তবে যে কারণেই হোক না কেন, মৌসুমের শুরু থেকে যে দাপটের সঙ্গে খেলে চলেছে ফরাসি দলটি তাতে অনেকের মতেই, এ ম্যাচে তারা ফেভারিট।
ঘরোয়া লিগে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ হারা পিএসজি চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ খেলছে। গ্রুপ পর্বের ছয় ম্যাচে মাত্র একটিতেই হেরেছিল তারা।
অন্যদিকে, চেলসির মৌসুমের শুরুর পারফরম্যান্স ভালো না হলেও নতুন কোচের অধীনে তারা বেশ ছন্দে আছে। গত ডিসেম্বরের শেষ দিকে হিডিংক দায়িত্ব নেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ খেলে পিএসজির বিপক্ষে প্রথম লেগের ওটাই তাদের একমাত্র পরাজয়। তাই চেনা পরিবেশে চেলসির সম্ভাবনাও একেবারে কম নয়।
ইউরোপীয় ফুটবলের সেরা এই প্রতিযোগিতার ২০১৩-১৪ আসরের কোয়ার্টার-ফাইনালে পিএসজিকে হারিয়েই শেষ চারে উঠেছিল চেলসি।
গত মৌসুমেই সে হারের প্রতিশোধ নেয় পিএসজি; তাদের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্রয়ের পর স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগ ২-২ গোলে ড্র হয়। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে কোয়ার্টার-ফাইনালে ওঠে ফ্রান্সের দলটি। এবার তাই স্ট্যামফোর্ড ব্রিজের দলটির সামনে আছে প্রতিশোধের সুযোগ।
