২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর পাশেই আছে সবাই: জিদান

সম্প্রতি সতীর্থদের মান নিয়ে প্রশ্ন তোলায় ক্রিস্তিয়ানো রোনালদো ব্যাপক সমালোচিত হলেও এ নিয়ে দলে কোনো সমস্যা নেই বলে বিশ্বাস জিনেদিন জিদানের। ভুল বোঝাবুঝি মিটে যাওয়ায় দলের সবাই এখন পর্তুগিজ তারকার পাশে আছেন বলেও জানান রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 12:20 AM

Updated : 11 Oct 2022, 07:51 PM

লা লিগায় গত শনিবার নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারের পর স্পেনের রেডিও কোপেকে রোনালদো বলেন, “সবাই যদি আমার মানের হতো, তাহলে আমরা সম্ভবত প্রথম হতাম।”

পরে অবশ্য রোনালদো দাবি করেন, তার কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি নাকি গ্যারেথ বেল, মার্সেলো, পেপে ও করিম বেনজেমার চোটের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন।

এ প্রসঙ্গে কোচ জিদান জানান, রোনালদো নিজের অভিমত সতীর্থদের কাছে ব্যাখ্যা করায় সমস্যা মিটে গেছে।

মঙ্গলবার সাংবাদিকদের জিদান বলেন, “ক্রিস্তিয়ানো সবার সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও। এটা অতীত একটা ঘটনা। আমরা তার সঙ্গে আছি।”

“সমস্যাটি মিটে গেছে। এটা দলের মধ্যে আমাদেরকে একত্রিত করবে।”

আগামী বুধবার লিগের ফিরতি পর্বে লেভান্তের বিপক্ষে খেলবে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল।