২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির গোলে বার্সার মাইলফলক

বার্সেলোনার অনেক ইতিহাসের সঙ্গেই জড়িয়ে আছেন লিওনেল মেসি। আর্সেনালের মাঠে কাতালান ক্লাবটির ১০ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার সঙ্গেও গেঁথে গেছে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের নাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

মেসি জানতেন গোল পাবেন
তবু সতর্ক সুয়ারেস
'আর্সেনালের শেষ আটে ওঠা খুব কঠিন'
মেসির জোড়া গোলে আর্সেনালের মাঠে বার্সার দারুণ জয়
মেসিদের সবকিছুই ভালো লেগেছে এনরিকের

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে গত মঙ্গলবার মেসির জোড়া গোলে আর্সেনালকে ২-০ ব্যবধানে হারায় বার্সেলোনা।

৮৩তম মিনিটে পেনাল্টি থেকে করা মেসির দ্বিতীয় গোলটি ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার ১০ হাজারতম গোল।

১০ হাজার গোল করতে বার্সেলোনা মোট ম্যাচ খেলেছে ৪ হাজার ৩৭৫টি, ম্যাচ প্রতি তাদের গোল গড় ২.২৮।

এই রেকর্ডের পথে বার্সেলোনার পথচলা শুরু ১৯০১ সালের ২০ জানুয়ারি। ওই সময়ের কাতালান চ্যাম্পিয়নশিপ 'কোপা মাকায়া'-তে বার্সেলোনার প্রথম গোলটি করেন জর্জে জির্ভান। প্রায় ৭০ বছর পর ১৯৭০ সালের ১৩ ডিসেম্বর ক্লাবের ৫ হাজারতম গোলটি করেন স্পেনের মিডফিল্ডার কার্লেস রেসাক।

প্রথম ৫ হাজার গোল পেতে ৭০ বছর লাগলেও দ্বিতীয় ৫ হাজার গোল করতে ৪৫ বছর সময় লাগল বার্সেলোনার।

১০ হাজার গোলের দারুণ পথ চলায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ড মেসির দখলে। বার্সেলোনার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে এ পর্যন্ত ৪৪১টি গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা তারকা।

১৯০১-০২ মৌসুমে কোপা মাকায়াতে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১২৬টি শিরোপা জিতেছে বার্সেলোনা। যার শেষটি তারা জেতে গত ডিসেম্বরে, ফিফা ক্লাব বিশ্বকাপ।