২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আর্সেনালের শেষ আটে ওঠা খুব কঠিন'

নিজেদের মাঠে বার্সেলোনার কাছে হেরে গেলেও শেষ আটে ওঠার আশা ছাড়ছেন না আর্সেন ভেঙ্গার। তবে বাস্তবতার বিচারে এটাকে কঠিন মানছেন আর্সেনাল কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 05:22 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে গত মঙ্গলবার লিওনেল মেসির জোড়া গোলে লন্ডন থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে মহামূল্যবান দুটি গোল পাওয়ায় কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। আর শেষ আটে ওঠার আশা ফিকে হয়ে গেছে আর্সেনালের।

ম্যাচ শেষে ভেঙ্গার বলেন, "পরের রাউন্ডে যাওয়া অসম্ভব না হলেও বাস্তবিকভাবে সেটা খুব কঠিন। তবে আমাদের সেখানে লড়াই করতে হবে।"

'এমএসএন' নামে পরিচিত লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার ভয়ঙ্কর আক্রমণত্রয়ীকে ৭০তম মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রেখেছিল আর্সেনালের রক্ষণভাগ। ৭১তম মিনিটে দারুণ এক প্রতিআক্রমণে এই প্রতিরোধ ভাঙেন মেসি-নেইমাররা।

ভেঙ্গার বলেন, "বার্সেলোনা দারুণ এক দল। কিন্তু আমরা এটা ম্যাচের আগেই জানতাম। এই ম্যাচে আমরা অনেক পরিশ্রম দিয়েছি। আমার মনে হয়, সব মিলিয়ে টেকনিক্যালি আমরা খুবই গড়পড়তা মানের ছিলাম।"

বার্সেলোনার মতো একটি দলকে ম্যাচের বেশিরভাগ সময় আটকে রেখেও হারতে হয়েছে বলে হতাশ ভেঙ্গার।

"আমার দু:খ হচ্ছে, যখন মনে হচ্ছিল যে আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করছি, তখনই গোল খেয়ে বসলাম।"

বার্সেলোনার মাঠ কাম্প নউতে দ্বিতীয় পর্বের ম্যাচটি হবে আগামী ১৬ মার্চ।