মেসিদের সবকিছুই ভালো লেগেছে এনরিকের
আর্সেনালের বিপক্ষে দারুণ এক জয় পেয়ে আনন্দে আত্মহারা লুইস এনরিকে। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমাররা যা করেছেন তার সবকিছুই ভালো লেগেছে বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।
আর্সেনালের মাঠ এমিরেটস থেকে গত মঙ্গলবার মেসির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।
৭১তম মিনিটে প্রথম গোলটি বার্সেলোনা পায় অসাধারণ এক প্রতিআক্রমণ থেকে। আর মেসির এই গোলে ছোঁয়া ছিল 'এমএসএন' নামে পরিচিত কাতালুনিয়ার ক্লাবটির আক্রমণত্রয়ীর অপর দুই সদস্য নেইমার ও সুয়ারেসের। দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে করেন মেসি।
ম্যাচ শেষে এনরিকে অবশ্য জয়ের কৃতিত্ব ভাগ করে দেন সবাইকেই।
"সবার অলক্ষ্যে তারা (মেসি, সুয়ারেস ও নেইমার) জায়গা করে নিতে পারে। কিন্তু আমি পুরো দলেরই প্রশংসা করতে চাই। ম্যাচটি আমাদের জিততে হতো এবং তারা সেটা করেছে।"
শিষ্যরা যেমন খেলেছে তাতে জয়টি প্রাপ্যই ছিল বলে মনে করেন এনরিকে।
"আমার সবকিছু ভালো লেগেছে, পুরো ম্যাচই। কোনো কিছুই আমাকে হতাশ করেনি। ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা দর্শনীয় ফুটবল খেলেছে।"
প্রথমার্ধে গোল না পাওয়ার কারণ হিসেবে এনরিকে বলেন আর্সেনালের অতি রক্ষণাত্মক মনোভাবের কথা।
"প্রথমার্ধে তারা সব খেলোয়াড় নিয়ে রক্ষণ করেছে। তবে আমরা তাদের ক্লান্ত করতে পেরেছি। এ কারণেই সুযোগ এসেছে।"
আর্সেনালের আক্রমণভাগকে তেমন কোনো সুযোগই তৈরি করতে দেয়নি বার্সেলোনার ডিফেন্ডাররা। ম্যাচ শেষে এনরিকে রক্ষণভাগ নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান।
"আমরা খুব ভালো রক্ষণ করেছি। …আমরা জিরুদ, আলেক্সিসকে আটকে রেখেছি। আর যখন ওয়ালকট এসেছে, তখন তাকেও আটকে রেখেছি।"
"আমরা জায়গা আর সুযোগ তৈরি করতে পারতাম। তাদের প্রতিআক্রমণ থামানোর ক্ষেত্রেও খুব ভালো করেছি আমরা। আমরা খুব ভালো খেলেছি। সব সময় চাপ দিয়ে গেছি। আর প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করেছে। তারা খুব কমই বিপদ তৈরি করতে পেরেছে," যোগ করেন এনরিকে।
এই জয়ে খুব তুষ্ট হলেও শিষ্যদের সতর্ক করে দিয়ে এনরিকে বলেন, "ফলটা দারুণ। কিন্তু প্রতিযোগিতা শেষ হয়ে গেছে বলে আমি মনে করি না।"
