২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে মেসির মাইলফলক

প্রথম খেলোয়াড় হিসেবে স্পেনের লা লিগায় তিনশ’ গোলের মাইলফলকে পৌছতে লিওনেল মেসির লেগেছে ৩৩৪টি ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 03:02 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

মেসির দলে থাকাটাই বিরাট সুবিধা
বার্সেলোনার দুর্দান্ত জয়ে মাইলফলকে মেসি

স্পেনের লা লিগায় গোল করার দিক দিয়ে মেসির পরেই আছেন আথলেতিক বিলবাওয়ের সাবেক তারকা তেলমো সাররা (২৫১ গোল)। ২৪৬ গোল নিয়ে এর পরেই আছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। 

পরিসংখ্যানে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসির অনন্য অর্জন: 

গোল আর ম্যাচের অনুপাত: ৩০১টি গোল মেসি করেন ৩৩৪ ম্যাচে; এর মধ্যে ২৯২টি ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি। ম্যাচ প্রতি গোল ০.৯০-এর একটু উপরে।

যেভাবে গোলগুলো পেলেন: মেসি তার এই গোলের ২৪০টিই করেন বাঁ পা দিয়ে। ১২টি গোল আসে হেড থেকে। ২০১১ সালে এসপানিওলের বিপক্ষে একটি গোল তিনি হাত দিয়েও করেছিলেন! ২৮ বছর বয়সী এই তারকা ৩৯টি গোল করেন পেনাল্টি থেকে। আর ১৫টি গোল তিনি পান ফ্রি-কিক থেকে সরাসরি। পাঁচ বারের বর্ষসেরা এই খেলোয়াড় ২৬০টি গোল করেন পেনাল্টি বক্সের ভেতর থেকে।

কোথায় আর কখন: ৩০১টি গোলের ১৭২টিই কাম্প নউতে করেন মেসি। দ্বিতীয়ার্ধেই বেশি গোল করেন তিনি; ১৭৭টি গোলই তিনি করেন বিরতির পর।

প্রিয় প্রতিপক্ষ: আতলেতিকো মাদ্রিদই মেসির সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার ২০১৪ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে লা লিগায় খেলা ২০ ম্যাচে ২১টি গোল করেন। এর পরই আছে সেভিয়া (১৮ ম্যাচে ১৯ গোল)। এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতা মেসি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিগে ১৯ ম্যাচ খেলে করেন ১৫ গোল।

মেসির সহযোগী: মেসির গোলে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন দানি আলভেস। ব্রাজিলের এই ফুল-ব্যাক মেসির ২৬টি গোলে অবদান রাখেন, যা বার্সেলোনার সাবেক অধিনায়ক চাভি এর্নান্দেসের চেয়ে ৫টি বেশি। আন্দ্রেস ইনিয়েস্তা আর পেদ্রো মেসিকে ১৮টি করে গোলে সহায়তা করেন। এ ছাড়া লুইস সুয়ারেস ১১টি ও নেইমার ১০টি গোলে সহায়তা করেন মেসিকে।