৩ লাল কার্ডের ম্যাচে ফিওরেন্তিনার জয়
তিনটি লাল কার্ডের ঘটনাবহুল ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছে ফিওরেন্তিনা। শেষ মুহূর্তের গোলে পাওয়া ২-১ ব্যবধানের এই জয়ে সেরি আয় তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ২৬তম মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার। তবে ৬০তম মিনিটে স্পেনের মিডফিল্ডার বোরহা ভালেরোর গোলে সমতায় ফেরে ফিওরেন্তিনা।
শুরু থেকেই শারীরিক ফুটবল খেলতে থাকা ইন্টারের খেলোয়াড়েরা ৭৫ মিনিটের মধ্যে ৬টি হলুদ কার্ড দেখে। এরই ধারাবাহিকতায় ৮২তম মিনিটে বড় ধাক্কাটি খায় তারা, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার আলেক্স তেলেস।
এক জন কম নিয়ে খেলা ইন্টার শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি, যোগ করা সময়ের প্রথম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড খৌমা বাবাকার গোল করলে ফিরওরেন্তিনার জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
কার্ডের ছড়াছড়িতে কিছু নাটকীয়তার তখনও ছিল বাকি, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ফিওরেন্তিনার আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো জারাতে। আর একেবারে শেষমুহূর্তে ফরাসি মিডফিল্ডার জিওফ্রে কোনদোগবিয়া সরাসরি লাল কার্ড দেখলে ৯ জনের দল নিয়ে ম্যাচ শেষ করে ইন্টার।
এই জয়ে তৃতীয় স্থানে ওঠে আসা ফিওরেন্তিনার পয়েন্ট ২৫ ম্যাচে ৪৯। পঞ্চম স্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৪৫।
৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস; এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।
