আথলেতিকের আদুরিসকে নিয়ে বার্সা কোচের সতর্কবার্তা
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচ সামনে রেখে প্রতিপক্ষ দলের আরিৎস আদুরিসকে নিয়ে শিষ্যদের সতর্ক করেছেন লুইস এনরিকে। আথলেতিক বিলবাওয়ের এই ফরোয়ার্ড বয়সের সঙ্গে সঙ্গে উন্নতি করছেন বলেও মনে করেন বার্সেলোনা কোচ।
আথলেতিকের মাঠ সান মামেসে আগামী বুধবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে বার্সেলোনা। আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “তাদের (আথলেতিক) খেলায় আদুরিস যেটা এনেছে, তার জন্য সে তাদের কাছে গুরুত্বপূর্ণ; সর্বোপরি তার গোলের জন্য।”
স্পেনের লা লিগায় চলতি মৌসুমে ১১ গোল করা আদুরিস কেবল বার্সেলোনা নয়, বাকিদের জন্য উদাহরণ জানিয়ে এনরিকে বলেন, “সে বয়সের সঙ্গে সঙ্গে উন্নতি করেছে। সে এখন আর উঠতি নয়; কিন্তু আসলেই উঁচু পর্যায়ে খেলছে।”
৩৪ বছর বয়সী আদুরিস নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনার বিপক্ষে গত রোববার লা লিগার ম্যাচে খেলতে পারেননি। ওই ম্যাচে এনরিকের দল ৬-০ গোলে জিতেছিল।
এই আথলেতিককে হারিয়েই গত বছরের ৩০ মে কোপা দেল রের শিরোপা জিতেছিল বার্সেলোনা। তবে গত অগাষ্টে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনাকে ঘরের মাঠে পেয়ে ৪-০ গোলে বিধ্বস্ত করে আথলেতিক। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন আদুরিস। কাম্প নউ ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলের ড্র হয়। শিরোপা জেতে আথলেতিক। গত বছর এই একটি শিরোপাই জিততে ব্যর্থ হয় কাতালুনিয়ার ক্লাবটি।
আথলেতিকের মাঠে কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি শুরু হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায়।
