রুবেলের প্রশংসায় মালদ্বীপ কোচ
অসাধারণ খেলে বাহরাইনের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন রুবেল মিয়া। দল হেরে গেলেও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এই মিডফিল্ডার মালদ্বীপের বিপক্ষেও ভালো খেলেছেন। আর আদায় করে নিয়েছেন প্রতিপক্ষ কোচ রিকি হার্বার্টের প্রশংসা।
বঙ্গবন্ধু গোল্ড কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রুবেলের প্রশংসা করেন হার্বার্ট।
“তাদের সাত নম্বর (রুবেল) খেলোয়াড়টা বেশ ভালো। (ম্যাচে) যখনই ওর পায়ে বল গেছে, তখনই আমি বিপদের গন্ধ পেয়েছি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সে আমার দেখা ভালো খেলোয়াড়।”
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-২৩ দল নিয়ে গোল্ড কাপে এসেছেন হার্বার্ট। অভিজ্ঞদের অনুপস্থিতিতেও তরুণরা এক ম্যাচ হাতে রেখে সেমি-ফাইনাল নিশ্চিত করায় খুশি অতিথি দলের এই কোচ।
বাংলাদেশ যুব দলের কোচ গনসালো সানচেস মরেনো জনি-রুবেলদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি হলেও ম্যাচের ফল নিয়ে হতাশ।
“আজ আমরা দুটো গোল খেয়েছি; দুটো গোলের সুযোগ নষ্ট করেছি। ম্যাচের ফল নিয়ে আমি হতাশ।”
গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার কম্বোডিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা কঠিন হবে বলেও জানান যুব দলের এই কোচ।
