মালয়েশিয়াকে হারিয়েই সেমিতে উঠার লক্ষ্য
শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম লক্ষ্য পূরণের পর এবার মালয়েশিয়াকে হারানোর ছক কষছেন মারুফুল হক। বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপাধারীদের বিপক্ষে জিতে সেমি-ফাইনালে ওঠার আত্মবিশ্বাস তার শিষ্যদের আছে বলেও জানান বাংলাদেশ কোচ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে ম্যাচ ও টুর্নামেন্টের লক্ষ্য নিয়ে কথা বলেন মারুফুল।
“টুর্নামেন্ট শুরুর আগে আমার লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জেতা। পরের লক্ষ্য হলো সেমি-ফাইনাল নিশ্চিত করা।”
মালয়েশিয়ার এই দলটা আসলে জাতীয় দল নয়। ঘরোয়া লিগের ক্লাব ফেলডা ইউনাইটেড এফসি গোল্ড কাপে এসেছে মালয়েশিয়ার প্রতিনিধি হয়ে। তবে ফেলডা এফসিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ধরেই ছক কষছেন বাংলাদেশের কোচ।
“মালয়েশিয়াকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ধরে ম্যাচ শুরু করতে যাচ্ছি। তাদের শেষ ম্যাচের পারফরম্যান্স দেখে বেশি মূল্যায়ন করেছি। ছেলেরাও ম্যাচ নিয়ে শতভাগ মনোযোগী।”
গত সোমবার মামুনুলদের রক্ষণের সমস্য তুলে ধরেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। কোচ জানালেন, সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।
“রক্ষণ নিয়ে আমি সবসময় বেশি কাজ করে থাকি। ক্লাব পর্যায়ে এবং জাতীয় দলেও আমি এ দিকটা নিয়ে বেশি কাজ করেছি। এটা রাতারাতি শতভাগ সমাধান করা সম্ভব নয়। যতদূর সম্ভব হয়, ভুল কমানোর চেষ্টা করছি।”
“আসলে আমাদের আসল সমস্যা শুরু হয় উপরের দিক থেকে। উপর থেকে মিডফিল্ড-ওরা যদি ট্র্যাক ব্যাক (সমান গতিতে ওপরে ওঠা-নিচে নামা) করতে না পারে, তাহলে রক্ষণে সমস্যা হয়। বলছি না রক্ষণ শক্ত। আশা করি, আগামীতে সমস্যা আরও কমে আসবে,” যোগ করেন ঘরোয়া ফুটবলের অন্যতম সফল এই কোচ।
