মামুনুলকে আটকানোর ছক মালয়েশিয়া কোচের
বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন মালয়েশিয়া কোচ ইরফান বাকতি আবু সেলিম। সে পর্যবেক্ষণ থেকেই বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামকে আটকে জয় পাওয়ার ছক কষছেন তিনি।
আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-মালয়েশিয়া। আগের দিনের সংবাদ সম্মেলনে স্বাগতিকদের হারানোর পরিকল্পনাটা জানান অতিথি দলের এই কোচ।
“তাদের শ্রীলঙ্কাকে হারানো ম্যাচটি দেখেছি; ভালো দল। বিশেষ করে তাদের অধিনায়ক (মামুনুল)। অবশ্যই তাকে থামানোর চেষ্টা করতে হবে।”
গত শুক্রবার শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে গোল্ড কাপ শুরু করে বাংলাদেশ। যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামের সেই ম্যাচে মাঝ মাঠে আলো ছড়ান মামুনুল। দুই উইংঙ্গার জাহিদ হাসান ও সোহেল রানাকে দিয়ে একের পর এক আক্রমণ শানানোর কাজটি করেন এই নির্ভরযোগ্য মিডফিল্ডার।
প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে দুই গোল অবদান রাখেন ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি। নাবীব নেওয়াজ জীবন ও জাহিদ একটি করে গোল করেন।
অন্যদিকে টুর্নামেন্টের শিরোপাধারী মালয়েশিয়ার শুরুটা ভালো হয়নি। নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করা দলটি প্রথম জয়ের খোঁজে আছে। অন্যদিকে টানা দুই জয়ে গোল্ড কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করতে মরিয়া বাংলাদেশ।
প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী থাকা বাংলাদেশকে হারাতে মামুনুলের সঙ্গে রনি-জীবনদের অকেজো করে রাখার ছক কষছেন ইরফারন।
“অবশ্যই আমাদেরকে বাংলাদেশের আক্রমণ সামলাতে হবে; বিশেষ করে তাদের স্ট্রাইকারদের এবং দুই উইংয়ের আক্রমণ। তাদের অধিকাংশ আক্রমণের জোগান দেয় মামনুল।”
মালয়েশিয়ার এই দলটা আসলে জাতীয় দল নয়। ঘরোয়া লিগের ক্লাব ফেলডা ইউনাইটেড এফসি গোল্ড কাপে এসেছে মালয়েশিয়ার প্রতিনিধি হয়ে।
দলটির কোচ অবশ্য জানান, দেশের প্রতিনিধিত্ব করার কারণে নিজের দলকে ‘টুর্নামেন্টের শিরোপাধারী’ মনে করছেন তিনি এবং লক্ষ্যটাও নির্ধারণ করছেন সেভাবে।
