‘চ্যাম্পিয়ন’ মালয়েশিয়ার মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ
বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার জন্য তর সইছে না বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষের জয়টি লক্ষ্য পূরণের প্রথম সিঁড়িটি পার করে দিয়েছে। এবার মালয়েশিয়াকে হারিয়ে লক্ষ্যে পৌঁছানোর অপেক্ষা। মারুফুল-মামুনুলরাও মুখিয়ে আছেন লক্ষ্য পূরণে।
আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গোল্ড কাপে খেলতে আসা মালয়েশিয়া দলটি মোটেও জাতীয় দল নয়; ফেলডা ইউনাইটেড এফসি নামের ঘরোয়া লিগের দলটি দেশের প্রতিনিধিত্ব করছে। প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করা দলটি অবশ্য নিজেদের গোল্ড কাপের ‘শিরোপাধারীই’ ভাবছে।
গত আসরের ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে ৪-২ গোলে গুঁড়িয়ে শুভ সূচনা পাওয়া মামুনুলদের জন্য তাই এবারের ম্যাচটি গত আসরের হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ।
আগের দিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠে অবশ্য প্রতিশোধ নেওয়ার হুমকি নেই; আছে মালয়েশিয়া বাধা পেরিয়ে সেরা চারে ওঠার প্রত্যয়। ছেলেদের শরীরীভাষা আর মানসিকতার ইতিবাচক পরিবর্তন দেখে প্রত্যয়ী হয়ে উঠছেন কোচ মারুফুল হকও। দল চোটমুক্ত থাকায় প্রতিপক্ষ বধের ছক কষা তার জন্য সহজ হচ্ছে আরও।
সেরা একাদশও মোটামুটি ঠিক করে ফেলেছেন মারুফুল। ওপেন হার্ট সার্জারি হওয়া বাবার পাশে থাকার জন্য মিডফিল্ডার সোহেল রানার মালয়েশিয়ার বিপক্ষে খেলা নাও হতে পারে। সেক্ষেত্রে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস শুরুর একাদশে ফিরবেন। আক্রমণভাগে শাখাওয়াত হোসেন রনির সঙ্গে নাবীব নেওয়াজ জীবনের খেলার সম্ভাবনা বেশি।
চোট কাটিয়ে ফেরা জাহিদ হাসান এমিলির গোল্ড কাপের প্রথম ম্যাচে খেলা হয়নি। মালয়েশিয়ার বিপক্ষেও নির্ভরযোগ্য এই ফরোয়ার্ডের খেলা নিয়ে পাকা সিদ্ধান্ত নেননি কোচ, “এমিলির ব্যাপারে এখনও ওরকম সম্ভাবনা নেই।”
চোট সমস্যা না থাকলেও রক্ষণ ভাবাচ্ছে স্বাগতিক কোচকে। রক্ষণের ঘাটতিটুকু পূরণে আক্রমণভাগ ও মিডফিল্ডারদের পাশে পাওয়ার আশা করছেন মারুফুল।
মালয়েশিয়া-নেপাল ম্যাচ দেখে প্রতিপক্ষ সম্পর্কে মোটামুটি ধারণা নেওয়ার কথাও জানান মারুফুল, “এবারের দলটা ভালো। তাদের দক্ষ ফুটবলার আছে। ওরা খুব দ্রুত গোলে শট নেয়।”
গত আসরের অভিজ্ঞতা থেকে মালয়েশিয়ার বর্তমান দলটিকে ভালো মানছেন মামুনুলও। তবে সবাই সেরাটা নিংড়ে দিলে, ফরোয়ার্ডরা শুরুর সুযোগ কাজে লাগাতে পারলে জয় সম্ভব বলে বিশ্বাস অধিনায়কের।
“মালয়েশিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন; তাদের বিপক্ষে আমাদের ভালো ফুটবল খেলতে হবে। সবাই সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেমি-ফাইনাল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
জয়ের লক্ষ্য মালয়েশিয়া কোচ ইরফান বাকতি আবু সেলিমেরও। অবশ্য নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলা বাংলাদেশকে সমীহ করতে ভোলেননি তিনি।
“আমার ক্লাবের নাম ফেলডা। কিন্তু আমরা মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করছি। শিরোপাধারী হিসেবে আমরা আগামীকাল বাংলাদেশকে হারাতে চাই। তবে, এটা কঠিন ম্যাচ হবে। তাদেরকে আমরা শ্রদ্ধা করি।”
গোল্ড কাপে খেলতে আসার আগে মাত্র ১০ দিনের প্রস্তুতি নেওয়ার কথা জানান ইরফান। অল্প প্রস্তুতি নিয়েও আশাবাদী তিনি। নিজের দলকে ‘ফেভারিট’ বললেও বাংলাদেশকে হারাতে হলে মামুনুলকে আটকানোর নির্দেশনা শিষ্যদের দিচ্ছেন অতিথি দলের এই কোচ।
“অবশ্যই আমাদেরকে বাংলাদেশের আক্রমণ সামলাতে হবে; বিশেষ করে তাদের স্ট্রাইকারদের এবং দুই উইংয়ের আক্রমণ। তাদের অধিকাংশ আক্রমণের জোগান দেয় তাদের অধিনায়ক (মামুনুল); অবশ্যই তাকে থামানোর চেষ্টা করতে হবে।”
১৯৯৬-৯৭ মৌসুমের বঙ্গবন্ধু কাপে কোচ হিসেবে শিরোপা জয়ের স্মৃতিও মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আওড়ালেন ইরফান। সেবার ফাইনালে ওঠার পথে আবাহনী লিমিটেডকে হারানোর কথাও বলেন তিনি। মামুনুলদের বিপক্ষে ম্যাচের জন্য দেড় যুগ আগের সেই সাফল্যও অনুপ্রেরণা যোগাচ্ছে ইরফানকে।
