মালয়েশিয়া ‘চ্যালেঞ্জ’ জিততে প্রত্যয়ী মামনুল
বঙ্গবন্ধু গোল্ড কাপের গত আসরের ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার অতীতটা মনে আছে মামুনুল ইসলামের। এবার তাই গ্রুপ পর্বের ম্যাচে মালয়েশিয়া বাধা পেরিয়ে সেমি-ফাইনালে উঠতে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক।
আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিকে ‘প্রতিশোধের উপলক্ষ’ না বললেও তাদের হারানোর আশাবাদ প্রত্যয়ী কণ্ঠে জানান মামুনুল।
“সেমি-ফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের দ্বিতীয় ম্যাচ জিততে হবে। মালয়েশিয়া গোল্ড কাপের বর্তমান চ্যাম্পিয়ন; তাদের বিপক্ষে আমাদের ভালো ফুটবল খেলতে হবে। সবাই সবার সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছে।”
মালয়েশিয়ার এই দলটা আসলে জাতীয় দল নয়। ঘরোয়া লিগের ক্লাব ফেলডা ইউনাইটেড এফসি গোল্ড কাপে এসেছে মালয়েশিয়ার প্রতিনিধি হয়ে। তবে প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন মামনুল, “গতবারের চেয়ে এটা আরও ভালো দল।”
“টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচে সে বাধা পার করেছি। দ্বিতীয় ম্যাচের বাধা পেরুতে হলে আরও ভালো খেলতে হবে,” যোগ করেন নির্ভরযোগ্য এই মিডফিল্ডার।
মালয়েশিয়া ম্যাচের লাগাম শুরুতে মুঠোয় নেওয়ার লক্ষ্যটাও জানান মামুনুল। এ জন্য আক্রমণভাগের কাছে শুরুতে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই মিডফিল্ডার।
“আমি বলব যে, আমাদের অনেক দিকে উন্নতি করা দরকার। বিশেষ করে স্ট্রাইকিংয়ে। ফরোয়ার্ডরা যদি ভালো ফিনিশ করতে পারে, তাহলে আমরা কখনই শুরু থেকে ব্যাকফুটে পড়ি না। খেলোয়াড়দের আরও মনোযোগী হওয়া উচিত। তারা প্রথম সুযোগটা কাজে লাগাতে পারলে দলের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবে বেড়ে যাবে।”
