২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট হ্যামের কাছে ফের হারল লিভারপুল

প্রিমিয়ার লিগে আবারও ছন্দপতন হলো লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 09:03 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

শনিবার ২-০ গোলে হার দিয়ে বছর শুরু করল লিভারপুল। এবারের লিগে বারবার খেই হারানো দলটির এটা ষষ্ঠ হার। ২০ ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে ও ৬টিতে ড্র করেছে তারা।

লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকার পর গত দুই রাউন্ডে লেস্টার সিটি ও সান্ডারল্যান্ডকে হারিয়েছিল লিভারপুল। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারল না তারা।

ওয়েস্ট হ্যামের কাছে লিগের প্রথম পর্বেও হেরেছিল ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। গত ২৯ অগাস্টের সে ম্যাচে ঘরের মাঠে ৩-০ হেরেছিল ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।

প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে খেলতে নামলেও প্রতিপক্ষের মাঠে শুরুতেই চাপে পড়ে লিভারপুল। দশম মিনিটে মিখাইল অ্যান্টোনিওর হেডে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম।

এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণ থাকে স্বাগতিকরা।লিভারপুল মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠলেও তেমন একটা সুবিধা করতে পারছিল না।

পরে ৫৫তম মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্ডি ক্যারোল। স্বদেশি মিডফিল্ডার মার্ক নোবেলের ক্রস থেকে গোলটি করেন লিভারপুলের সাবেক এই দীর্ঘদেহী স্ট্রাইকার।

৬৯তম মিনিটে ক্যারোলের আরেকটি হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক সিমোন মিগনোলেত। বাকি সময়ে লিভারপুলও ভালো দুটি সুযোগ পায়, কিন্তু সাফল্য না মেলায় হার এড়াতে পারেনি তারা।

এই হারে অষ্টম স্থানে নেমে গেছে লিভারপুল, ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ওয়েস্ট হ্যামের পয়েন্ট ৩২।