২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাদু মন্ত্র’ নেই মানচেস্টার ইউনাইটেড কোচের হাতে

একের পর এক হার আর ড্রয়ে রীতিমত কোণঠাসা হয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড এখন ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে এর জন্য কোনো ‘জাদু মন্ত্র’ নেই লুইস ফল খালের কাছে। সাফল্য পেতে দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতির কোনো বিকল্প নেই বলেই মনে করেন দলটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

ইউনাইটেড শেষ জয়ের দেখা পেয়েছিল দেড় মাস হতে চলল। তারপর সব প্রতিযোগিতা মিলিয়ে তারা খেলে ফেলেছে আটটি ম্যাচ, কিন্তু সাফল্য রয়ে গেছে অধরাই। এই সময়ে চারটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে তারা।

এই বাজে পারফরম্যান্সে তারা লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে, ছিটকে পড়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই। লিগ কাপ থেকে তো আগেই ছিটকে পড়েছে ফন খালের দল।

ডাচ কোচ শিষ্যদের মনে করিয়ে দিলেন, ভাগ্য ফেরাতে যা করার বল পায়ে মাঠে তাদেরই করতে হবে।

“কোনো জাদু নেই। লক্ষ্য করতে হবে কি হয়েছে এবং দল ও ব্যক্তিগতভাবে কি উন্নতি করা যায়।”

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী শনিবার নিজেদের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে খেলবে ইউনাইটেড। ইপিএলের ১৯ রাউন্ড শেষে ষষ্ঠ স্থানে থাকা দলটির পয়েন্ট ৩০।