সবাইকে খুশি করতে পারবেন না রোনালদো
সবাইকে খুশি করা সম্ভব নয় বলে মনে করেন আবারও সমর্থকদের দুয়ো শোনা ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, সমালোচনা তাকে প্রভাবিত করে না।
মাঝে মধ্যে ছন্দ হারালেও বরাবরের মতো এ মৌসুমেও এখন পর্যন্ত দলের সেরা গোলদাতা রোনালদো। লা লিগায় ১৪ গোল করার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রেকর্ড ১১ বার প্রতিপক্ষের জালে বড় জড়িয়েছেন তিনি।
গত বুধবার রাতে লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও রিয়ালের জয়ের নায়ক পর্তুগিজ এই ফরোয়ার্ড। ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন তিনি। তবুও সমর্থকদের মন পুরোপুরি জয় করতে পারেননি। ম্যাচের ২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে তাকে দুয়ো দেয় সান্তিয়াগো বের্নাবেউয়ের একাংশ।
এ প্রসঙ্গে স্পেনের একটি দৈনিক পত্রিকাকে রোনালদো বলেন, “আমাদের সম্পর্কে অন্যরা কি ভাবল তা নিয়ে আমরা আচ্ছন্ন থাকতে পারি না। এভাবে বেঁচে থাকা অসম্ভব। এমনকি ঈশ্বরও পুরো বিশ্বকে খুশি করতে পারে না।”
তিন বারের বর্ষসেরা তারকা আরও বলেন, “অনেক মানুষই আমাকে ঘৃণা করে এবং কেউ বলে আমি অহংকারী। …এ সবই আমার সাফল্যের অংশ।”
পারিপার্শ্বিক চাপ তাকে কাবু করতে পারে না বলে জানান রোনালদো। আর এ সব তার শৈশরের কঠিন জীবনের কারণেই সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
“পরিবার ছাড়া আমি যে জীবন কাটিয়েছি এবং যে কঠিন পরিস্থিতির মধ্যে আমি সময় কাটিয়েছি তার ফলেই আজকের এই আমি।”
