২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের জোড়া গোলে পিএসজির বড় জয়

ফ্রান্সের ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগ ওয়ানে আরেকটি জয় পেয়েছে পিএসজি। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে অলিম্পিক লিঁওকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 04:17 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

ঘরের মাঠে সুইডেনের স্ট্রাইকার ইব্রাহিমোভিচের নৈপুণ্যে একাদশ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান কোত দি ভোয়ার ডিফেন্ডার সের্হে অরিয়ে। 
 
২৪তম মিনিটে ফরাসি মিডফিল্ডার জর্দান ফেরির গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেয় অতিথিরা।
 
তবে দ্বিতীয়ার্ধে আরও তিনবার বল জালে জড়িয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। 
 
৬১তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান ইব্রাহিমোভিচ। আর যোগ করা সময়ে দলের পঞ্চম গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মউরা।
 
এবারের লিগে পিএসজির এটা পঞ্চদশ জয়; ১৮ ম্যাচের বাকি তিনটি ড্র করেছে দলটি। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। 
 
লিগের প্রথম পর্ব শেষেই শিরোপার সুবাস পাচ্ছে পিএসজি। কারণ দ্বিতীয় স্থানে থাকা অঁজির সঙ্গে বিস্তর ফারাক ইব্রাহিমোভিচদের। ২১ বছর পর লিগ ওয়ানে উঠে আসা দলটির পয়েন্ট ৩১।