ঘুরে দাঁড়ানো ইউভেন্তুসের টানা ষষ্ঠ জয়
ঘরোয়া লিগে বাজে শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানো ইউভেন্তুস টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে। সবশেষ রোববার রাতে ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারিয়েছে ইতালির অন্যতম সফল দলটি।
ইউভেন্তুস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্লোভেনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিচিচের পেনাল্টি থেকে করা গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ষষ্ঠ মিনিটেই কলম্বিয়ার মিডফিল্ডার হুয়ান কুয়াদরাদোর গোলে সমতায় ফেরে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
এগিয়ে যাওয়া গোলের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় ইউভেন্তুসকে। অবশেষে ৮০তম মিনিটে ক্রোয়েশিযার স্ট্রাইকার মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় তারা। আর যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলে জয় নিশ্চিত হয় প্রতিযোগিতার সফলতম দলটির।
ইতালির শীর্ষ লিগ সেরি আর এবারের আসরে প্রথম ছয় রাউন্ডে মাত্র একটিতে জেতা ইউভেন্তুস সবশেষ এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩০।
দ্বিতীয় স্থানে থাকা ফিওরেন্তিনার পয়েন্ট ৩২।
দিনের অন্য ম্যাচে এসি মিলানকে ১-১ গোলে রুখে দিয়েছে তলানিতে থাকা হেল্লাস ভেরোনা। ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মিলান।
নাপোলি ও রোমার মধ্যে অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
