অ্যাস্টন ভিলাকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
পয়েন্ট তালিকার তলানিতে থাকা অ্যাস্টন ভিলাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। আর্সেন ভেঙ্গারের দলের এ দিনের জয়টি ২-০ গোলে।
প্রতিপক্ষের মাঠে রোববার ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। অ্যাস্টনের ডিফেন্ডার অ্যালান হুটোন নিজেদের ডি বক্সে ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকটকে ফাউল করলে পেনাল্টি পায় ‘গানার্স’ নামে পরিচিত দলটি। তা থেকেই দলকে এগিয়ে দেন অলিভিয়ে জিরুদ।
প্রিমিয়ার লিগের ইতিহাসে জিরুদের এটা ৫০তম গোল। আর্সেনালের সপ্তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁলেন ফরাসি স্ট্রাইকার।
তারপর অনেকটা সময় প্রতিপক্ষের রক্ষণে স্বাগতিকরা চাপ ধরে রাখলেও সাফল্য পায়নি। উল্টো দারুণ এক প্রতি-আক্রমণে ৩৮তম মিনিটে ব্যবধান বাড়ায় আর্সেনাল। মেসুত ওজিল বল পায়ে ক্ষিপ্র গতিতে ডি বক্সে ঢুকে বাঁদিকে আড়াআড়ি পাস দেন। তা থেকেই ডান পায়ের শটে গোলটি করেন অ্যারন র্যামজি।
