প্রিমিয়ার দাবায় জমে উঠেছে শীর্ষ স্থানের লড়াই
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের শীর্ষ স্থানের লড়াই জমে উঠেছে। সপ্তম রাউন্ড শেষে ছয় খেলায় ১১ করে পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে প্রতিযোগিতাটির শিরোপাধারী বাংলাদেশ নৌবাহিনী ও প্রথমবারের মতো খেলতে আসা শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব।
জাতীয় ক্রীড়া পরিষদে শনিবার সপ্তম রাউন্ডের খেলায় শেখ রাসেল ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে হারায়। জয়ী দলের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দিপতায়ন ঘোষ ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ যথাক্রমে সোনালী ব্যাংকের দেওয়ান শহিদুল আমিন, বেলাল হোসেন ও আবজিদ রহমানকে হারান। দুই দলের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও আবু হানিফের ম্যাচটি ড্র হয়।
একই দিনে বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৩.৫-০.৫ পয়েন্টে তিতাস ক্লাব দাবা দলের বিপক্ষে জিতে। নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে তিতাস ক্লাবের তিন ফিদে মাস্টার রেজাউল হক, ইউনুস হাসান ও সাইফ উদ্দীনকে হারান। রাজদীপ সরকার-আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পয়েন্ট ভাগাভাগি করেন।
বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল এ রাউন্ডে ২.৫-১.৫ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জকে, লিওনাইন চেস ক্লাব ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারায়।
বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৬ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ও তিতাস ক্লাব দাবা দল ৬ খেলায় ৬ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে।
