বাফুফের কাছে বকেয়া টাকা চাইছে ক্লাব সমিতি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে বকেয়া টাকা চাইছে পেশাদার ফুটবল ক্লাব সমিতি। টাকা না পাওয়া পর্যন্ত লিগে ক্লাবগুলোর না খেলারও হুমকি দেয় সংস্থাটি।
শনিবার রাজধানীর একটি হোটেলে ক্লাব সমিতির সংবাদ সম্মেলনে পেশাদার লিগের ১১টি ক্লাবের মধ্যে পাঁচটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্লাব সমিতির সভাপতি মঞ্জুর কাদের বকেয়া নিয়ে বলেন, “দেশের বাইরে খেলার জন্য ম্যাচ প্রতি আমাদেরকে তিন লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের কোনো টাকা দেয়নি।”
“পেশাদার লিগ কমিটির পুনর্গঠন না করলে এবং দলবদল না পেছালে আমরাসহ পেশাদার লিগের অন্য ক্লাবগুলো লিগে অংশ নেবে না”, যোগ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি।
ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) দেওয়া ১৫ লাখ ডলার ‘কোথায় যায়’ বলেও সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন কাদের।
চলতি মাসের শেষের দিকে পেশাদার লিগের দলবদল শুরু হওয়ার কথা। এর আগে বকেয়া মেটানোর দাবি তুলে কাদের বলেন, “আগে বর্ষপঞ্জি ঠিক করতে হবে বাফুফেকে। দলবদল শুরুর আগে বাফুফেকে আমাদের পাওনাও মেটাতে হবে।”
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ লোকমান ভূইয়া বলেন, “২০১২ সালের সুপার কাপের প্রাইজমানির পুরোটা আমরা এখনও পাইনি। আমার মনে হয়, বাফুফের কাছে মোহামেডানের ৭০ থেকে ৮০ লাখ টাকা পাওনা রয়েছে।”
সংবাদ সম্মেলনে আরও তিন ক্লাবের প্রতিনিধি গোলাম রব্বানি হেলাল (শেখ রাসেল ক্রীড়া চক্র), আমের খান (ব্রাদার্স ইউনিয়ন) ও মজিবুর রহমান মল্লিকও (বিজেএমসি) ছিলেন।
কিছুদিন আগে বাফুফের কার্যক্রম নিয়ে বিধিবহির্ভূত মন্তব্য করার অভিযোগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেনকে কারণ দর্শানোর (শোকজ নোটিশ) চিঠি দেয় বাফুফে। সেই থেকে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না শেখ জামাল ও মোহামেডান ক্লাবের।
