২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের জন্য প্রাণপণ লড়বে বাংলাদেশ

বাস্তবতা মেনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বড় স্বপ্ন দেখছে না বাংলাদেশ। তবে নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলা বলে একেবারে সাহসও হারাচ্ছে না স্বাগতিকরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার পয়েন্টে ভাগ বসানোর লক্ষ্যটা তাই ভালোভাবেই থাকছে মামুনুলদের।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 10:22 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রয়ের লক্ষ্য নিয়ে নামার কথা জানান অধিনায়ক মামুনুল ইসলাম ও সহ-অধিনায়ক জামাল ভূইয়া।

নিজেদের মাঠে খেলা হলেও ড্রয়ের লক্ষ্য পূরণও মামুনুলদের জন্য মোটেও সহজ নয়। চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ অস্ট্রেলিয়া; এশিয়ান কাপের মুকুট তাদের মাথায়। আর ফিফা র‌্যাঙ্কিংয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার (৬০তম) ধারেকাছেও নেই বাংলাদেশ (১৮০তম)।

১২ পয়েন্ট বাছাইয়ের ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া; অন্যদিকে বাংলাদেশ (১ পয়েন্ট) পাঁচ দলের মধ্যে পঞ্চম। বড় স্বপ্ন তাই উঁকি দিচ্ছে না মামুনুল-জামালদের চোখে। বরং ফিরে আসছে প্রথম লেগের ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে গুঁড়িয়ে যাওয়ার দুঃস্বপ্ন; বাছাইয়ে সর্বশেষ ম্যাচে তাজিকিস্তানের মাঠে একই ব্যবধানে ধরাশায়ী হওয়ার হতাশাও।

সোমবারের সংবাদ সম্মেলনে তাই মিডফিল্ডার জামাল ভূইয়া লক্ষ্য নিয়ে কোচ ফাবিও লোপেজের সুরে সুর মেলাননি, “এবার আমরা নিজেদের মাঠে খেলব; আমরা এই সুযোগটা নিতে চাই।”

টিম ক্যাহিল, মার্ক মিলিগান, নাথান বার্নসের মতো নির্ভরযোগ্য ফুটবলারে সাজানো অস্ট্রেলিয়া দল। দলটির অধিকাংশ খেলোয়াড়ের ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে।

বাছাইয়ে নিজেদের সর্বশেষ ম্যাচে কিরগিস্তানের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরা ম্যাচে জোড়া গোল করে তেতে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের সাবেক ফরোয়ার্ড কাহিল। নির্ভরযোগ্য দুই ডিফেন্ডার তপু বর্মন ও নাসিরউদ্দিনের কাঁধে থাকবে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ গোল করা এই ফরোয়ার্ডকে আটকে রাখার দায়িত্ব।

জাহিদ হোসেন এমিলি, জাহিদ হোসেন আর জুয়েল রানা-অভিজ্ঞ ও উঠতি এই তিন ফরোয়ার্ডের অনুপস্থিতি বাংলাদেশের আক্রমণভাগের শক্তি কমেছে অনেকটাই। শেষ মুহূর্তে ‘উপেক্ষিত’ জাহিদকে ফেরানোর চেষ্টা করে সফল হননি বাংলাদেশ কোচ ফাবিও লোপেজ।

কিরগিজিস্তান ও তাজিকিস্তান ম্যাচের গোলখরা নিয়ে বেশি করে ভাবতে হচ্ছে ইতালির এই কোচকে। তারপরও প্রতিপক্ষকে সমীহ করে কোচ জয়ের আশাটা জানিয়েছেন তিনি, “আমি জিততে চাই। তবে ওরা খুবই শক্তিশালী দল।”

লক্ষ্য নিয়ে কোচের নয়, সতীর্থ জামালের সুরই বেজে উঠল অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই মিডফিল্ডার জানালেন ড্রয়ের জন্য প্রাণপণ লড়বে তার দল।

“অবশ্যই ভালো খেলার লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব। ড্র হলেও সেটা আমাদের জন্য হবে ঈদের আনন্দের মতো। এটার জন্যই সর্বোচ্চটুকু দিয়ে লড়ব আমরা। অস্ট্রেলিয়া জার্মানি, নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে খেলে; তাদের বিপক্ষে ড্র করতে পারাটাও আমাদের জন্য বড় ব্যাপার হবে।”

অস্ট্রেলিয়াও যে পুরোপুরি নির্ভার, তা নয়। চোট হানা দিয়েছে পোস্তেকগলুর তাবুতে। জার্মান বুন্দেসলিগায় খেলা ম্যাথু লেকি, সেল্টিকের মিডফিল্ডার টম রগিচের মতো নির্ভরযোগ্যদের পাচ্ছেন না অস্ট্রেলিয়া কোচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কাহিল-বার্নস জুটির দিকে তাকিয়ে থাকার কথা সিঙ্গাপুর থেকে বাংলাদেশের পথে রওনা হওয়ার আগে জানান তিনি।

“টিমির (ক্যাহিল) সঙ্গে তার (বার্নস) সমন্বয়টা বেশ ভালো। এই বিকল্পগুলো থাকাটা অনেক ভালো হয়েছে (আমার জন্য)।”

প্রথম লেগে বাংলাদেশের বিপক্ষে বড় জয় বা কিরগিজস্তানের মাঠে পাওয়া ৩-০ স্কোরলাইন নিয়েও না ভাবার কথা জানান অস্ট্রেলিয়া কোচ। দলের পারফরম্যান্সের উন্নতিই মূল বলে জানান পোস্তেকগলু, “কিরগিজস্তান ম্যাচের চেয়ে দল কতটা উন্নতি করল, সেটাই দেখতে চাই।”