২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানের ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিচ্ছে মামুনুলরা

দুই দিন অনুশীলনের পর তাজিকিস্তানের ঠাণ্ডা আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মামুনুলরা মানিয়ে নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন ফাবিও লোপেজ। তাজিকিস্তানের কন্ডিশন ভালো বলেও জানিয়েছেন বাংলাদেশ দলের এই কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 08:44 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

আগামী ১২ নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই দলের সঙ্গে ড্র করেছিল মামুনুলরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) সোমবার এক বিজ্ঞপ্তিতে মামুনুলদের বর্তমান পরিস্থিতি জানায়। তাজিকিস্তান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ডিফেন্ডার রায়হান হাসান অনুশীলন নিয়ে কথা বলেন।

“আজকে বিকেলে আমরা একটা সেশন অনুশীলন করেছি। দুই দিন অনুশীলন করার পর এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছি আমরা।”

“১২ তারিখে ম্যাচে আমরা ভালো করব-এটা আমাদের প্রত্যাশা; দেশবাসীর প্রত্যাশা। সবার ভালো প্র্যাকটিস হচ্ছে। ট্যাকটিক্যাল ওয়ার্ক ভালো হচ্ছে। আশা করি, ভালো একটা ফল নিয়ে দেশে ফিরতে পারব”, যোগ করেন তিনি।

অনুশীলনে কৌশলগত দিকগুলো নিয়ে বেশি কাজ করার কথা জানিয়ে লোপেজ বলেন, “এখানকার কন্ডিশন ভালো। শুধু বেশি ঠাণ্ডা ও আর্দ্রতা আছে কিন্তু আশা করি, আগামী দিনটাতেও আমরা সবাই ভালো থাকব।”

বিশ্বকাপের বাছাই পর্বে এ পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তালিকায় সবার নিচে থাকা মামুনুলরা একমাত্র পয়েন্ট পায় নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র করে।

১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে জর্ডান; ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া।