নিরাপত্তা পরিকল্পনায় ‘সন্তুষ্ট’ অস্ট্রেলিয়া
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা নিয়ে যা একটু শঙ্কা জেগেছিল, তাও দূর হয়ে গেল। ঢাকায় এসে নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তুষ্টির কথা জানিয়েছেন ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) দুই নিরাপত্তা কর্মকর্তা।
আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ খেলতে নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ নভেম্বর অস্ট্রেলিয়া আসবে বলেও জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে গত শনিবার রাতে ঢাকায় আসেন এফএফএর নিরাপত্তা প্রধান মার্ক স্যালিভা ও নিরাপত্তা কর্মকর্তা লিয়াম রায়ান। তারা রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বাফুফের কর্মকর্তা, এএফসির নিরাপত্তা কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে বাফুফে ভবনে এলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি স্যালিভা ও রায়ান। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও এএফসির নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ হাসান।
নিরাপত্তা পরিকল্পনা দেখে এফএফএর প্রতিনিধিরা সন্তুষ্ট উল্লেখ করে বাদল বলেন, “এটা হাই প্রোফাইল ম্যাচ। এটা অস্ট্রেলিয়া ও আমাদের জন্য মর্যাদার। বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকারের ঊর্ধতন মহল থেকে শুরু করে সবাই এর (অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা দেওয়ার বিষয়) সঙ্গে জড়িত। ওরা আমাদের দেশে প্রথম আসছে। আমরাও তাই বাড়তি গুরুত্ব দিচ্ছি। নিরাপত্তা পরিকল্পনা ও প্রস্তুতিতে তারা খুশি।”
বাদল জানান, নিরাপত্তা শঙ্কার বিষয়ে নির্দিষ্ট করে কোনো বিষয় অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল জানায়নি।
এএফসির নিরাপত্তা কর্মকর্তা মারুফ হাসান বলেন, “নিরাপত্তা পরিকল্পনা দেখে আমি নিজেও খুশি। আগের টুর্নামেন্টগুলোর চেয়ে এবার আরও বেশি নিরাপত্তা দেওয়া হবে।”
ফিফা স্বীকৃত ম্যাচের আগে নিয়ম অনুযায়ী আগামী মঙ্গলবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার একজন নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান সাধারণ সম্পাদক সোহাগ। বাফুফে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও ওই কর্মকর্তা যাবেন।
“মূলত তিনি টিম হোটেল, অনুশীলন মাঠ, খেলার মাঠ-এ জাতীয় বিষয়গুলো দেখতে আসছেন।”
খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করার পর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসা নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা এশিয়ান ফুটবল ফেডারেশন ও ফিফাকে জানায় অস্ট্রেলিয়া। তবে বাফুফে বরাবরই নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার ব্যাপারে আশাবাদী ছিল।
