২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুলুজের জালে ইব্রা-দি মারিয়াদের গোল উৎসব

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়েছে পিএসজি। তুলুজকে উড়িয়ে দিয়ে ফ্রান্সের সেরা লিগে নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে জ্লাতান ইব্রাহিমোভিচ-আনহেল দি মারিয়ার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 02:24 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

শনিবার নিজেদের মাঠে ৫-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। লিগ ওয়ানের এই ম্যাচে দলের জয়ে জোড়া গোল করেন ইব্রাহিমোভিচ। দি মারিয়া, লুকাস মউরা ও এসেকিয়েল লাভেস্সি একটি করে গোল করেন।

ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড দি মারিয়া। ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের সেরা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।

প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পিএজি দ্বিতীয়ার্ধে আরও তিনবার অতিথিদের জালে বল পাঠায়। ৬৭তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মউরা।

৭৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। ৯ গোল করে লিগ ওয়ানের গোলদাতাদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় লাভেস্সি ৭৮তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল মাদ্রিদ কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি।